ICC World Cup 2023: ভারত-পাক মহারণের দিনবদল, কবে হবে মেগা ম্যাচ?
ICC World Cup 2023: বদল হতে চলেছে ভারত পাকিস্তান ম্যাচের দিনক্ষণ। গত কয়েকদিন ধরেই চর্চা চলছিল বিশ্বকাপের মেগা ম্যাচের দিন বদল হতে পারে। নির্ধারিত সূচি অনুসারে আগামী ১৫ অক্টোবর ভারত পাকিস্তান ম্যাচ গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হওয়ার কথা রয়েছে। কিন্তু সেদিন নবরাত্রি উৎসব রয়েছে। তাই স্থানীয় পুলিশ জানিয়ে দিয়েছে তারা ওই হাইভোল্টেজ ম্যাচে নিরাপত্তা দিতে পারবে না।
এই পরিস্থিতিতে গত ২৭ জুলাই বিশ্বকাপ সংক্রান্ত বোর্ডের মিটিংয়েই এই ম্যাচের দিন বদলের আভাস দেন জয় শাহ। শেষ পর্যন্ত দিন বদলে ১৪ অক্টোবরই হতে চলেছে ভারত পাক মেগা ম্যাচ।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে নিরাপত্তাজনিত কারণেই একদিন এগিয়ে আনা হচ্ছে এই ম্যাচ। সেই সঙ্গে আরও বেশ কয়েকটি ম্যাচের দিনক্ষণ বদল হবে। চূড়ান্ত ঘোষণা হতে পারে সোমবারই।
আইসিসি কোনও আসরের সূচি এইভাবে বদলে গিয়েছে এমন দৃষ্টান্ত নেই। তাও এত বড় ম্যাচে দিনবদল অতীতে দেখা যায়নি। কিন্তু গুজরাত ক্রিকেট সংস্থা জানিয়ে দিয়েছে তারা ১৫ অক্টোবর ম্যাচ দিয়ে ঝুঁকি নিতে রাজি নয়।
গত ২৭ জুলাই দিল্লিতে বোর্ডের বৈঠকের পর জয় শাহ বলেন,'১৫ অক্টোবর গুজরাতে নবরাত্রি রয়েছে। সেই সময় ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন সমস্যা হতে পারে। তাই সেই ম্যাচ পরে হবে। তবে আহমেদাবাদেই ম্যাচ হবে।'

একইসঙ্গে তিনি আভাস দেন, ভারত বনাম পাকিস্তান ম্যাচ ছাড়াও আরও কিছু ম্যাচে সূচি বদল হতে পারে বলে জানিয়েছেন জয় শাহ। তিনটি দেশের সূচি নিয়ে আপত্তি থাকায় হতে পারে এই পরিবর্তন। তবে কোন তিনটি দেশ তা জানাননি বিসিসিআই সচিব।
৫ অক্টোবর থেকে শুরু হবে একদিনের বিশ্বকাপ । কিন্তু বিশ্বকাপের একাধিক ম্যাচের দিন পরিবর্তন হলে সমস্যায় পড়বেন দর্শকরা। কারণ, ইতিমধ্যেই ক্রিকেট প্রেমীরা যাবতীয় পরিকল্পনাও করে ফেলেছেন এই ম্যাচগুলিকে ঘিরে। হোটেল বুকিং, প্লেনের-ট্রেনের টিকিট বুকিং সবকিছুই প্রায় হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications