ICC CWC 2023: বিশ্বকাপে ছয়ে ছয় করার লক্ষ্যে রোহিতের ভারত কি তিন স্পিনারে? হারলেই বিদায় নেবে ইংল্যান্ড?
ICC World Cup 2023: বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে কাল লখনউয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে এখনও অবধি অপরাজেয় থাকা ভারত। রোহিতদের কাছে ইংল্যান্ড হারলে শেষ চারে ওঠার রাস্তা একরকম বন্ধই হয়ে যাবে।
ভারত চলতি বিশ্বকাপে টানা পাঁচটি ম্যাচে জিতেছে। কাল জিতলেই সেমিফাইনালের দিকে আরও একধাপ এগিয়ে যাবে বিশ্বের ১ নম্বর ওডিআই দল।

ভারতীয় দল বিশ্বকাপের শুরু থেকেই জানিয়ে আসছে যে, পিচ ও পরিস্থিতি অনুযায়ী সঠিক একাদশ সাজানো হবে। কালকের ম্যাচে পিচ কেমন আচরণ করবে তার আগাম আঁচ না পাওয়া গেলেও ভারত আজ নৈশালোকে অনুশীলন সারায় ডিউ ফ্যাক্টর হবে কিনা সেটা বুঝে নিতে সুবিধাই হবে। আইপিএল দলের হোম গ্রাউন্ড সম্পর্কে দলকে ইনপুট দিতে পারবেন লোকেশ রাহুল।
কালকের ম্যাচটি হবে লাল মাটির পিচে। এখনও অবধি একানা ক্রিকেট স্টেডিয়ামে যে তিনটি ম্য়াচ হয়েছে তাতে স্পিনারদের ইকনমি রেট (৪.৭৯) সিমারদের (৫.৬৩) চেয়ে ভালো। কিন্তু আজ দেখা গিয়েছে হাল্কা হলেও সবুজ আভা রয়েছে। অর্থাৎ ঘাসের উপস্থিতিতে সিমারদের জন্য পিচে কিছু থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
ভারতীয় দল সেরা ছন্দে রয়েছে। হার্দিক পাণ্ডিয়া ইংল্যান্ড ও শ্রীলঙ্কা ম্যাচে খেলতে পারবেন না। তারপর দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস ম্যাচ রয়েছে। বিসিসিআই সূত্র উদ্ধৃত করে কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, কোনও ঝুঁকি না নিয়ে হার্দিককে প্রয়োজনে সেমিফাইনাল থেকে ফের নামানোর ভাবনাও ঘুরপাক খাচ্ছে।

ভারত তিন স্পিনারে নামবে কিনা সেটা স্পষ্ট হবে টসের সময়ই। সেক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিন দলে আসতে পারেন। অশ্বিন একাদশে এলে মহম্মদ সিরাজের উপর কোপ পড়তে পারে। নাহলে ভারতীয় দলের কম্বিনেশনে রদবদলের সম্ভাবনা নেই। ইংল্যান্ডের কাছে সব ম্যাচই মরণ বাঁচন। ফলে জস বাটলারের দলে পরিবর্তনের সম্ভাবনা থাকছে।
বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নামা দল সেমিফাইনালে যেতে পারেনি এমনটা হয়েছে ২ বার। ১৯৯২ সালে অস্ট্রেলিয়া ও ১৯৯৯ সালে শ্রীলঙ্কা। এবার সেই তালিকায় ইংল্যান্ডের নাম যোগ হওয়াটা লখনউয়েই নিশ্চিত হয়ে যেতে পারে। লখনউয়ে দিনের তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাতের দিকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বৃষ্টির আশঙ্কা নেই।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ বা রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ- জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, ডেভিড উইলি, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ।












Click it and Unblock the Notifications