ICC World Cup 2023: ভারত-আফগানিস্তান ODI দ্বৈরথ কতবার হয়েছে? ফলাফল থেকে ব্যক্তিগত পারফরম্যান্স একনজরে
ICC World Cup 2023: বিশ্বকাপে কাল অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের সামনে ভারত। দুই দলই আজ অনুশীলন সেরেছে স্টেডিয়ামে। ভারত শনিবার পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে।
আফগানিস্তান শিবির বিশ্বাস করে বাংলাদেশ ম্যাচে তাদের যা পারফরম্যান্স, তার তুলনায় তারা অনেক বেশি ভালো খেলার ক্ষমতা রাখে। আফগানরা নামবে প্রথম জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যেই। যদিও ধারেভারে এগিয়ে থেকেই শুরু করবেন রোহিত শর্মারা।

টি ২০ আন্তর্জাতিকে ভারত-আফগানিস্তান ম্যাচ অনেকগুলি হলেও একদিনের আন্তর্জাতিকে মাত্র তিনবারই মুখোমুখি হয়েছে এই দুই দেশ। বিশ্বকাপের আসরে এই নিয়ে দ্বিতীয়বার ভারত-আফগানিস্তান দ্বৈরথ হতে চলেছে। বিশ্বকাপে প্রথমবার এই দুই দেশ মুখোমুখি হয়েছিল ২০১৯ সালে সাউদাম্পটনে।
২২ জুন বিশ্বকাপের সেই ম্যাচে ভারত ৮ উইকেটে ২২৪ রান তুলেছিল ৫০ ওভারে। অধিনায়ক বিরাট কোহলি ৬৩ বলে ৬৭, কেদার যাদব ৬৮ বলে ৫২ রান করেছিলেন। লোকেশ রাহুল ৫৩ বলে ৩০ ও রোহিত শর্মা ১০ বলে ১ করেছিলেন। ভারত অবশ্য সেই ম্যাচ জিতেছিল ১১ রানে।
মহম্মদ শামি হ্যাটট্রিক করেছিলেন। ১টি মেডেন-সহ ৯.৫ ওভারে শামি ৪০ রানে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট দখল করেছিলেন জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল ও হার্দিক পাণ্ডিয়া। ম্যাচের সেরা হয়েছিল বুমরাহ।

ভারত-আফগানিস্তান প্রথম ওডিআই হয়েছিল ২০১৪ সালের ৫ মার্চ। মীরপুরে এশিয়া কাপের ম্যাচে ভারত ১০৬ বল বাকি থাকতে ৮ উইকেটে পরাস্ত করেছিল আফগানিস্তানকে। আফগানিস্তান ৪৫.২ ওভারে ১৫৯ রানে গুটিয়ে গিয়েছিল। ১টি মেডেন-সহ ১০ ওভারে ৩০ রান দিয়ে চার উইকেট নেন রবীন্দ্র জাদেজা। তিনটি মেডেন-সহ ১০ ওভারে ৩১ রান গিয়ে রবিচন্দ্রন অশ্বিন নেন তিন উইকেট।
অজিঙ্ক রাহানের ৫৬ ও শিখর ধাওয়ান ৬০ রান করেছিলেন। রোহিত শর্মা ১৮ ও দীনেশ কার্তিক ২১ রানে অপরাজিত ছিলেন।
২০১৮ সালে এশিয়া কাপে ভারত-আফগানিস্তান ম্য়াচ টাই হয়ে গিয়েছিল। ২৫ সেপ্টেম্বর দুবাইয়ে সুপার ফোরের ম্য়াচে মহম্মদ শাহজাদের ১২৪ ও মহম্মদ নবির ৬৪ রানে ভর করে আফগানিস্তান তুলেছিল ৮ উইকেটে ২৫২। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত ৪৯.৫ ওভারে ২৫২ রানে অল আউট হয়ে যায়। লোকেশ রাহুল ৬০, অম্বাতি রায়ুডু ৫৭ ও দীনেশ কার্তিক ৪৪ রান করেন।
রবীন্দ্র জাদেজাকে ৫০তম ওভারের পঞ্চম বলে আউট করে ম্যাচ জেতান রশিদ খান। তিনি, আফতাব আলম ও মহম্মদ নবি দুটি করে উইকেট পেয়েছিলেন। ম্যাচের সেরা হন শাহজাদ। ফলে ওডিআইয়ে ভারতকে কখনও হারাতে না পারলেও এবার সেই খরা মেটাতে বদ্ধপরিকর আফগানরা। যদিও দুরন্ত ফর্মে থাকা ভারতকে আটকানো খুবই কঠিন।












Click it and Unblock the Notifications