ICC World Cup 2023: চিপকে স্পিন-জুজুতে কেঁপে কাহিল কামিন্সের অস্ট্রেলিয়া, ভারতের জিততে দরকার ২০০
ICC World Cup 2023: চেন্নাইয়ের চিপকে ভারতীয় স্পিনারদের দাপটে কুপোকাত অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্যাট কামিন্স। ভারত অধিনায়ক রোহিত শর্মা স্পিনারদের আক্রমণে আনতেই অজিদের জারিজুরি শেষ।
শুরু থেকে শেষ পর্যন্ত অজি ব্যাটারদের চাপে রেখে দুরন্ত পারফরম্যান্স উপহার দিলেন ভারতীয় বোলাররা। ৪৯.৩ ওভারে অজিরা শেষ ১৯৯ রানেই। রবীন্দ্র জাদেজা পেলেন তিনটি উইকেট। ২টি করে উইকেট দখল করলেন কুলদীপ যাদব ও জসপ্রীত বুমরাহ।

অস্ট্রেলিয়ার স্কোর ১১ ওভারের শেষে ছিল ১ উইকেটে ৫১। ২৫তম ওভারে তা গিয়ে দাঁড়ায় ২ উইকেটে ১০২। সেখান থেকে ১৯৯ রানে অল আউট। অজিদের ইনিংসে ডট বলের সংখ্যা ১৭৩টি। যা বিগত ৫ বছরে সবচেয়ে খারাপ তিনটি ইনিংসের একটি। ২.২ ওভারে ৫ রানে প্রথম উইকেট পড়েছিল। জসপ্রীত বুমরাহর বলে আউট হন মিচেল মার্শ (৬ বলে ০)।
৭৪ রানে দ্বিতীয় এবং ১১০ রানে তৃতীয় উইকেট পড়ে। ভারতীয় স্পিনাররা অস্ট্রেলিয়ার রান তোলার গতি কমানোর পাশাপাশি ক্রমাগত উইকেট তুলে চাপ বাড়াতে থাকেন। ৩০তম ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে মার্নাস লাবুশেন ও অ্যালেক্স ক্যারিকে ফেরান রবীন্দ্র জাদেজা। ১১৯ রানেই চতুর্থ ও পঞ্চম উইকেট পড়ে।

স্টিভ স্মিথ ৭১ বলে ৪৬, ডেভিড ওয়ার্নার ৫২ বলে ৪১, মিচেল স্টার্ক ৩৫ বলে ২৮, মার্নাস লাবুশেন ৪১ বলে ২৭, অধিনায়ক প্যাট কামিন্স ২৪ বলে ১৫ ও গ্লেন ম্যাক্সওয়েল ২৫ বলে ১৫ রান করেন। ক্যারি ০, ক্যামেরন গ্রিন ৮, অ্যাডাম জাম্পা ৬ রান করে সাজঘরে ফেরেন।
জসপ্রীত বুমরাহ ১০ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন, তাঁর ৬০ বলের ৪১টিতে রান করতে পারেননি অজি ব্যাটাররা। রবীন্দ্র জাদেজা ২টি মেডেন-সহ ১০ ওভারে ২৮ রান গিয়ে নেন ৩ উইকেট, ডট বল ৩৮টি। কুলদীপ যাদবের ১০ ওভারে ৩১টি ডট বল, তিনি ৪২ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন।
রবিচন্দ্রন অশ্বিন ১টি মেডেন-সহ ১০ ওভারে ৩৪ রান দিয়ে ১টি উইকেট তুলে নেন। তাঁর ৬০টির মধ্যে ৩২টি ডেলিভারিতে কোনও রান হয়নি। ১টি মেডেন-সহ ৬.৩ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট মহম্মদ সিরাজের। সিরাজের নামের পাশে ২৬টি ডট বল। হার্দিক পাণ্ডিয়া ৩ ওভারে ২৮ রান গিয়ে ১টি উইকেট পান, হার্দিকের ডট বল ৮টি।
জাদেজা বলেন, চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুবাদে এখানকার কন্ডিশনের সঙ্গে পরিচিত। উইকেট দেখার পর দু-তিনটি উইকেট পাব বলে বিশ্বাস ছিল। সেটা হয়েছে। কোন বল ঘুরবে, কোনটা নয়, তা বোঝা যাচ্ছিল না। ফলে উইকেট সোজা বল করছিলাম। পেসের তারতম্য ঘটিয়ে। বাড়তি কিছু না করে সাধারণভাবে ব্য়াট করলে লক্ষ্যপূরণ সম্ভব, বিশ্বাস জাড্ডুর।












Click it and Unblock the Notifications