ICC World Cup 2023: ভারতের সঙ্গে কোন তিনটি দেশ যাবে বিশ্বকাপ সেমিফাইনালে? একনজরে সমীকরণ
ICC World Cup 2023: বিশ্বকাপে সরকারিভাবে সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলল ভারত। মুম্বইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০২ রানে জয় ছিনিয়ে নিয়ে। শেষ চারের কার্যত কনফার্ম টিকিট পেয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকাও।
ফলে মূলত বাকি দুটি জায়গার জন্য জোর লড়াই হতে চলেছে আগামী কয়েকটি ম্যাচে। এই প্রতিবেদনে কোন দলের সামনে কোন সমীকরণ অপেক্ষা করছে তা দেখে নেওয়া যাক।

ভারত ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া ৬ ম্যাচে ও নিউজিল্যান্ড ৭ ম্যাচে ৮ পয়েন্ট করে সংগ্রহ করেছে। ফলে কিউয়িরা সর্বাধিক ১২ পয়েন্ট অবধি যেতে পারবে বাকি দুটি ম্যাচ জিতলে। অস্ট্রেলিয়া সব ম্যাচে জিতলে ১৪ পয়েন্টে পৌঁছতে পারে।
পাকিস্তান ৭ ম্যাচে ও আফগানিস্তান ৬ ম্যাচে ৬ পয়েন্ট করে পেয়েছে। ফলে পাকিস্তান সব ম্যাচ জিতলে যেতে পারে ১০ পয়েন্টে। আফগানিস্তান পেতে পারে সর্বাধিক ১২ পয়েন্ট। শ্রীলঙ্কা বাকি ২টি ম্যাচে যদিও জেতে তাহলেও ৮ পয়েন্টের বেশি সংগ্রহ করতে পারবে না। নেদারল্যান্ডস সব ম্যাচ জিতলে ১০ পয়েন্ট অবধি যেতে পারবে।
পয়েন্ট টেবিলের যা পরিস্থিতি তাতে অন্তত ৫টি দল পৌঁছতে পারে ১০ পয়েন্টে। ভারত ও দক্ষিণ আফ্রিকা সেই মাইলস্টোন পেরিয়ে গিয়েছে। নিউজিল্যান্ড যদি পাকিস্তানের কাছে হারে এবং শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে কিউয়িদের পয়েন্ট হবে ১০। অস্ট্রলিয়া যদি বাকি তিনটি ম্যাচের ২টিতে পরাস্ত হয় তাহলে অজিরাও আটকে যাবে দশ পয়েন্টেই।
আফগানিস্তানের ম্যাচ বাকি তিনটি। শুক্রবার খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এই ম্যাচ আফগানরা জিতে গেলে ছিটকে যাবে ডাচরা। কেন না, তাদের আর ১০ পয়েন্টে পৌঁছনো হবে না। ভারত ও দক্ষিণ আফ্রিকাকে বাদ দিলে সবচেয়ে ভালো জায়গায় রয়েছে অস্ট্রেলিয়া। তাদের নেট রান রেট ০.৯৭০। যা গুরুত্বপূর্ণ হতে পারে শেষ চারে ওঠার ক্ষেত্রে পয়েন্ট সমান হলে।
ফলে চতুর্থ স্থান দখলের লড়াই উপভোগ্য হতে চলেছে। নিউজিল্যান্ডের নেট রান রেট ০.৪৮৪। কিন্তু তিনটি ম্যাচে টানা হারার পর ঘুরে দাঁড়ানোর লড়াই কিউয়িদের। শনিবার পাকিস্তানের কাছে হেরে গেলেও শেষ ম্যাচ জেতা ছাড়া গতি থাকবে না নিউজিল্যান্ডের।
আফগানিস্তান শুক্রবার নেদারল্যান্ডস ম্য়াচ খেলার পর তাদের শেষ দুটি ম্য়াচ বাকি থাকবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। যা কঠিন দ্বৈরথ। তার উপর আফগানিস্তানের নেট রান রেট মাইনাস (-)০.৭১৮। ফলে ডাচদের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নিতেই হবে আফগানিস্তানকে। নেট রান রেটকে ভালো জায়গায় নিতে গেলে।
শ্রীলঙ্কা ৩০২ রানে হারায় তাদের নেট রান রেট মাইনাস (-) ০.২৭৫ থেকে চলে গিয়েছে মাইনাস (-) ০.৬৫৩-এ। শ্রীলঙ্কাকে ৮ পয়েন্ট নিয়ে শেষ চারে যেতে হলে অন্য অনেক ম্য়াচের ফলাফল তাদের পক্ষে গেলেই হবে না। নেট রান রেটের ব্যাপক উন্নতি ঘটাতে হবে। যেমন- যদি বাকি দুটি ম্যাচে ৩০০ রান তুলে ১০০ রানের ব্যবধানেও শ্রীলঙ্কা জেতে তাদের নেট রান দাঁড়াবে মাইনাস (-) ০.০২৩। ফলে বাস্তবে কোনও আশাই নেই শ্রীলঙ্কার।












Click it and Unblock the Notifications