ICC World Cup 2023: বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান? জেনে নিন অঙ্ক
গ্রুপ পর্বে টানা আট ম্যাচ জিতে শুধু সেমিফাইনালের টিকিটই নিশ্চিত করেনি ভারত, একইসঙ্গে এক নম্বর স্থানও নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া। রবিবার প্রোটিয়াদের বিরুদ্ধে জয়ের পর ভারতীয় দলের সেমিফাইনালের প্রতিপক্ষ নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। প্রথম সেমিফাইনালে টেবিলের ১ নম্বর দল মুখোমুখি হবে ৪ নম্বরে। অর্থ্যাত ভারতের প্রতিপক্ষ হবে চার নম্বরে থাকা দল।
৪ নম্বর জায়গার জন্য দৌড়ে রয়েছে ৩ দল পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। বিশ্বকাপের গ্রুপ পর্বের পর নক আউটেও কী মুখোমুখি হতে পারে এশিয়ার দুই চির প্রতিপক্ষ দেশ? অঙ্কের হিসাব কী বলছে? কীভাবে হতে পারে বিশ্বকাপের শেষ চারের ম্যাচে ভারত পাকিস্তান ম্যাচ? সেই অঙ্কই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

রোহিত শর্মার অধিনায়কত্বে ভারতীয় দল টানা ৮টি জয় নিয়ে ইতিমধ্যেই সেমিফাইনালের টিকিট পেয়ে গেছে। পাকিস্তানকে দখল করতে হবে চতুর্থ স্থানটি। বাবর আজমদের বাকি রয়েছে একটি ম্যাচ। আগামী ১১ নভেম্বর ইডেনে তাঁরা মুখোমুখি হবে ইংল্যান্ডের। সেক্ষেত্রে ইংল্যান্ডকে হারিয়ে ১০ পয়েন্টে পৌঁছতে হবে পাকিস্তানকে। কিন্তু শুধু জিতলেই হবে না।
পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তানের দিকে। রশিদ খানরা যদি নিজেদের পরবর্তী দুটি ম্যাচই হারে কিংবা একটি ম্যাচ হারে এবং অন্য ম্যাচে কম ব্যবধানে জেতে, তাহলেও সুযোগ থাকবে পাক দলেরই। একইসঙ্গে যদি নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় এবং পাকিস্তানও শেষ ম্যাচে জয় পায়, পাশাপাশি আফগানিস্তান শেষ দুই ম্যাচে হারে তাহলে নেট রান রেট গুরুত্বপূর্ণ হয়ে যাবে।
টুর্নামেন্টের শুরুতে অপ্রতিরোধ্য দেখানো নিউজ়িল্যান্ড টানা ৪ ম্যাচ হেরে সুবিধা করে দিয়েছে পাক শিবিরকে! দুই দলেরই এখন পয়েন্ট সমান। ৮। রান রেটে সামান্য এগিয়ে নিউজ়িল্যান্ড। বর্তমানে কিউয়িদের রান রেট +০.৩৯৮। অন্যদিকে পাকিস্তানের রান রেট +০.০৩৬। অর্থ্যাত কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় আছে নিউজিল্যান্ড।
অঙ্ক আরও আছে। যদি নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, ইংল্যান্ডকে হারায় পাকিস্তান এবং একটি ম্যাচে জয় পায় আফগানরা, সেক্ষেত্রেও তিন দলের নেট রান রেট গুরুত্বপূর্ণ হবে।
পরিস্থিতি এখন এমন যে সেমিফাইনালে হতে পারে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। প্রথম সেমিফাইনাল ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবং দ্বিতীয় সেমিফাইনালটি ১৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হবে। এখন দেখার শেষ পর্যন্ত অঙ্ক মিলিয়ে ফের ভারতের মুখোমুখি হতে পারে কিনা বাবর আজমের দল।












Click it and Unblock the Notifications