ICC World Cup 2023: বড় ধাক্কা ভারতের, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাণ্ডিয়া, বিকল্প হলেন কে?
বিশ্বকাপের মধ্যেই বড় ধাক্কা ভারতীয় দলের জন্য। চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ডিয়া। ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে চলতি বিশ্বকাপে আর মাঠে নামতে পারবেন না পাণ্ডিয়া। তাঁর পরিবর্ত হিসেবে দলে আসতে চলেছেন প্রসিদ্ধ কৃষ্ণ। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে পাণ্ডিয়ার বদলির বিষয়ে এখনও জানানো হয়নি।
গত ১৯ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে বোলিং করার সময় চোট পান হার্দিক পাণ্ডিয়া। ৯ ওভারে বল করে বাংলাদেশ ব্যাটসম্যানের মারা শট পা দিয়ে ধরতে গিয়ে বেকায়দায় মাটিতে পড়ে গেলেন ভারতীয় দলের তারকা আলরাউন্ডার।তৃতীয় বলের চারটা একেবারে সোজা মারেন বাংলাদেশের তারকা। নিজের ফলো থ্রু'র মধ্যেই ডান পা বাড়িয়ে বলটা আটকাতে যান হার্দিক। তার জেরে সম্ভবত গোড়ালি মুচকে যায় তাঁর।

হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে আশঙ্কাই ক্রমশই বাড়ছিল। কারণ গ্রুপ পর্বের একের পর এক ম্যাচ থেকে ছিটকে যেতে থাকেন দলের সহ অধিনায়ক। যদিও বিভিন্ন প্রতিবেদন এবং সংবাদ সংস্থার খবর থেকে জানা গিয়েছিল। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে অথবা সেমিফাইনাল ম্যাচে দলে ফিরতে পারেন পাণ্ডিয়া।
কিন্তু ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ২৪ ঘণ্টা আগে দুঃসংবাদ এল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য।চোটের জন্য বিশ্বকাপে আর মাঠে নামাই হবে না পাণ্ডিয়ার। হার্দিক না থাকায় বর্তমানে ভারতীয় দলের স্কোয়াড ১৪ জনের। ফাইনাল সহ এখনও বাকি চার ম্যাচ। এই পরিস্থিতিতে কোনও রকম ঝুঁকি নিত চাইছে না টিম ম্যানেজমেন্ট।
বিকল্প হিসাবে প্রসিদ্ধ কৃষ্ণকেই দলে ডাকতে চলেছে থিঙ্ক ট্যাঙ্ক, অর্থ্যাত বিশ্বকাপের দরজা খুলে যাচ্ছে প্রসিদ্ধের জন্য। তবে বিকল্প ক্রিকেটার দলে নিতে হলে আইসিসির অনুমোদন নিতে হবে বিসিসিআইকে।প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল পাণ্ডিয়ার চোট খুব একটা গুরুতর নয়। একটা ম্যাচের পরই ফিট হয়ে যাবেন। বিসিসিআই জানিয়েছিল নিউজিল্যান্ড ম্যাচের পরই দলের সঙ্গে যোগ দেবেন সহ অধিনায়ক।
কিন্তু পরে জানা যায় পাণ্ডিয়ার লিগামেন্টে চোট রয়েছে। হাঁটুতে গ্রেড ১ লিগামেন্ট টিয়ার হয়েছে। ফলে প্রথমদিকে তাঁর চোট যতটা হালকা মনে করা হয়েছিল, দিন যত যত এগোচ্ছে তাঁর চোটের গভীরতা ততই বাড়ছে। এরফলে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এমনকি শ্রীলঙ্কা ম্যাচেও খেলা সম্ভব হয়নি। চার ম্যাচ খেলেই বিশ্বকাপ অভিযান শেষ হল পাণ্ডিয়ার।
ক্রিকেট কেরিয়ারে চোট বরাবরই ভুগিয়েছে পাণ্ডিয়াকে। এবার বিশ্বকাপের মঞ্চে এসেও চোটের কবলে পড়লেন। তবে উল্লেখ্য পাণ্ডিয়া ছাড়াই দুরন্ত ছন্দে আছে ভারত। আগামীকাল প্রোটিয়াদের বিরুদ্ধে নামছে রোহিত ব্রিগেড।












Click it and Unblock the Notifications