ICC World Cup 2023: বৃষ্টিতে সেমিফাইনালের ম্যাচ ভেস্তে গেলে কী হবে? কোন দল যাবে ফাইনালে? জেনে নিন নিয়ম
দীপাবলির দিনে গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। বেঙ্গালুরুতেই নিয়মরক্ষার ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। কিন্তু এই ম্যাচকে ছাপিয়ে এখন থেকেই চর্চায় সেমিফাইনাল ম্যাচ। বিশ্বকাপের সেমিফাইনালের চার দল ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অন্যদিকে, অস্ট্রেলিয়া মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। কিন্তু বৃষ্টিতে সেমির ম্যাচ ভেস্তে গেলে কোন দলগুলি যাবে ফাইনালে?
আগামী ১৫ নভেম্বর, বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের এক ও চারে থাকা দুই দল - ভারত ও নিউজ়িল্যান্ড প্রথম সেমিফাইনাল খেলবে। ১৬ নভেম্বর, বৃহস্পতিবার ইডেনে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের দুই ও তিন নম্বরে থাকা দুই দল - অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

গ্রুপ পর্বের ম্যাচে ছিল না রিজার্ভ ডে। তবে টুর্নামেন্টের নক আউট পর্বে থাকছে রিজার্ভ ডে। কিন্তু, রিজার্ভ ডে'তে ম্যাচ গড়ানোর জন্য যে ন্যুনতম ওভার খেলা প্রয়োজন, সেটাও যদি সম্ভব না হয়? এক্ষেত্রে নিয়ম বলছে, সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে যে দল পয়েন্ট টেবিলে এগিয়ে ছিল, তারাই যাবে ফাইনালে।
আইসিসির নিয়ম বলছে বৃষ্টির জন্য নক আউটের ম্যাচে অতিরিক্ত সময় পাওয়া যাবে- গ্রুপ ম্যাচের জন্য অতিরিক্ত সময় ৬০ মিনিটের থাকে, নক-আউট পর্বের ম্যাচগুলির জন্য আবার সেই নিয়ম বদলে যায়, নির্ধারিত দিনে ম্যাচটি শেষ করার জন্য ১২০ মিনিট অতিরিক্ত সময় পাওয়া যায়। তাও ম্যাচ শেষ না হলে সেটা গড়াবে সংরক্ষিত দিনে। তবে ম্যাচে কোনও কারণে ফলাফল না হলে সুবিধা পাবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুই দল।
অর্থাৎ ১৫ নভেম্বর মুম্বইয়ে ভারত এবং নিউজিল্যান্ড ম্যাচ কোনওভাবে ভেস্তে গেলে ভারতীয় সমর্থকদের চিন্তার কোনও কারণ নেই। লিগ টেবিলে শীর্ষস্থানে থাকার দরুন ফাইনালে চলে যাবেন রোহিত শর্মারাই। একইভাবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে সেমিফাইনাল ভেস্তে গেলে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ফাইনালে যাবে।
২০১৯ সালের সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ড। সেই ম্যাচও প্রথম দিনে ফলাফল হয়নি। গড়িয়েছিল সংরক্ষিত দিনে। কিন্তু সেই ম্যাচে ভারত হারে। এবার ঘরের মাঠে বদলার হাতছানি ভারতের সামনে। ইতিমধ্যেই গ্রুপ লিগে ভারত হারিয়েছে কিউয়িদের। তবে নক আউটের ম্যাচে আলাদা চাপ থাকে। যদিও ছন্দে থাকা ভারতীয় দলকে নিয়ে এবার অনেক বেশি আশাবাদী সমর্থকরা।












Click it and Unblock the Notifications