ICC World Cup 2023: ইডেনে রবিবার ডি কক বনাম শামির দ্বৈরথ, ঘরের ছেলের থেকে পাঁচ উইকেটের প্রত্যাশায় সিএবি
উত্তরপ্রদেশের জন্ম হলেও ভারতীয় ক্রিকেটে মহম্মদ শামির উদয় ঘটেছে বাংলা থেকেই। কলকাতায় ক্লাব ক্রিকেট থেকে বাংলা দল, সেখান থেকে টিম ইন্ডিয়ার জার্সি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর জাতীয় দলে বাংলার দুই উজ্জ্বল প্রতিনিধির নাম মহম্মদ শামি এবং ঋদ্ধিমান সাহা। শিলিগুড়ির পাপালি এক বছরের কাছাকাছি সময় ব্রাত্য জাতীয় দলে। কিন্তু নিজের অবস্থান বজায় রেখেছেন শামি।
মাত্র ১৪ ম্যাচ খেলে হয়ে গেলেন বিশ্বকাপের ইতিহাসের ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। জাহির-শ্রীনাথকে টপকে শামির নামের পাশে ৪৫ উইকেট। রবিবার নিজের ঘরের মাঠ ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবেন শামি।ঘরের ছেলেকে নিয়ে গর্বিত সিএবিও। যুগ্ম সচিব দেবব্রত দাস থেকে পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় প্রত্যেকের গলাতেই শামিকে নিয়ে উচ্ছাসের সুর।

কলকাতায় শামির মেন্টর হিসেবে পরিচিত দেবব্রত দাস। বিশ্বকাপের মাত্র তিন ম্যাচে ১৪ উইকেট নেওয়ার পর শামি প্রসঙ্গে সিএবির বর্তমান যুগ্ম সচিব বলেন, 'এটা হওয়াই ছিল, ও যে বলটা করে বা প্রথম থেকে করে আসছে সেখানেই আছে কিন্ত, সেটায় খালি ধার দেওয়া হয়েছে কিন্তু। আগেও অসাধারণ বোলার ছিল এখনও আছে।'
একইসঙ্গে দেবব্রত দাস বলেন, 'ওকে কীভাবে ব্যবহার করা হবে সেটা অধিনায়কের উপর নির্ভর করে। কারণ পুরানো বলে ভালো বল করে। ভারতবর্ষে এই ধরণের বোলার জন্মায়নি, শুধু ভারত কেন পৃথিবীতেই জন্মায়নি। শামি একজন উচ্ছাসবিহীন মানুষ। পাঁচ উইকেটে পেলেও ওরমধ্যে কোনও বাড়তি উচ্ছাস দেখিনি। ওর কলকাতায় আসা, বাংলার হয়ে খেলা সেখান থেকে ভারতীয় দল, সব কিছুই আমার কাছে ছবির মতো ভাসে।'
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ৫ ওভার হাত ঘুরিয়ে একটি মেডেন সহযোগে ১৮ রান দিয়ে ৫ টি উইকেট নেন তিনি। মাত্র ৩ ম্যাচে ১৪ উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের দৌড়েও চলে এসেছেন। ঘরের মাঠে কতগুলি উইকেট পাবেন শামি? দেবব্রত দাসের উত্তর, 'আবারও পাঁচটা উইকেট পাবে শামি।'
সিএবির প্রাক্তন সচিব তথা বর্তমানে পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ও খুব সামনে থেকে দেখেছেন শামিকে। তাঁর বক্তব্য, 'শামিকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, আমরা সবাই চাই শামি এখানে খুব ভালো বল করুক, ইতিমধ্যেই খুব ভালো ছন্দে আছে। আশা করছি আমাদের সকলকে দারুণ একটা পারফরম্যান্স উপহার দেবে।'
রবিবার ইডেনে রোহিত-বিরাটদের ব্যাটিংয়ের মতোই ডি কক বনাম শামির দ্বৈরথের দিকেও নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।












Click it and Unblock the Notifications