ICC World Cup 2023: ভারত-পাকিস্তান বিশ্বকাপ সেমিফাইনাল কেন কলকাতাতেই? রোহিতদের জন্য প্রস্তুত দ্বিতীয় বিকল্পও
ICC World Cup 2023: আইসিসির ৫০ ওভারের বিশ্বকাপ আমেদাবাদে শুরু অক্টোবরের ৫ তারিখ। ১৯ নভেম্বর ফাইনালও সেখানেই। ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
রাউন্ড রবিন ফরম্যাটে লিগ পর্বের ৯টি ম্যাচ পাকিস্তান খেলবে পাঁচটি শহরে। হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা ও আমেদাবাদে। এই তালিকায় নাম নেই মুম্বইয়ের। পাকিস্তানের ম্যাচ মহারাষ্ট্রের মুম্বই বা পুনেতে দেওয়া হয়নি।

লখনউ, ধরমশালা বা দিল্লিতেও পাকিস্তানের কোনও ম্যাচ দেওয়া হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছিল চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতায় তাদের ম্যাচ দেওয়া যেতে পারে। আমেদাবাদ নিয়ে আপত্তি থাকলেও তা ধোপে টেকেনি। তবে সূত্রের খবর, পাকিস্তানের একটি দাবিকে মান্যতা দিয়েছে বিসিসিআই ও আইসিসি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারত-পাকিস্তান ম্য়াচ আমেদাবাদ থেকে সরানোর দাবি জানিয়েছিল। একইসঙ্গে চেন্নাইয়ে আফগানিস্তান ও বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতেও অসন্তোষ ছিল পিসিবির। অজিদের বিরুদ্ধে চেন্নাই ও আফগানদের বিরুদ্ধে বেঙ্গালুরুতে খেলতে আগ্রহী ছিল পাকিস্তান। যদিও এই দাবিগুলি ধোপে টেকেনি।

পাকিস্তান আরও জানিয়েছিল আমেদাবাদে সেমিফাইনাল বা ফাইনাল খেলতে তাদের আপত্তি নেই। কিন্তু তারা মুম্বইয়ে খেলতে চাইছে না। আইসিসি ও বিসিসিআইয়ের সূত্র থেকে জানা গিয়েছে, এই দাবিটি মেনে নেওয়া হয়েছে। এমনিতে প্রথম সেমিফাইনালটি হবে মুম্বইয়ে, দ্বিতীয় সেমিফাইনালটি হবে ইডেনে।
লিগ পর্বের শেষে ১ ও ৪-এ থাকা দল প্রথম সেমিফাইনাল খেলবে। দুই ও তিন নম্বর দল মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে। এমন পরিস্থিতি যদি দাঁড়ায় ভারত ও পাকিস্তান প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে, সেক্ষেত্রে সেটি মুম্বই নয়, কলকাতাতেই দেওয়া হবে। ভারত-পাকিস্তান দ্বিতীয় সেমিফাইনাল খেললে সেটি কলকাতাতেই হবে।

যদি ভারত সেমিফাইনালে ওঠে এবং পাকিস্তানের বিরুদ্ধে খেলতে না হয় তাহলে ভারতের সেমিফাইনালটি হবে মুম্বইয়ে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে বিশ্বকাপ ফাইনালে জিতেছিল ধোনির টিম ইন্ডিয়া। ফলে একমাত্র ভারত-পাক সেমিফাইনাল না হলে সেই সেমিফাইনাল ইডেনে হওয়ার সম্ভাবনা নেই। পাকিস্তান বা অন্য দেশগুলির সেমিফাইনাল হবে ক্রিকেটের নন্দনকাননে।
যোগ্যতা অর্জন পর্ব থেকে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের মূলপর্বে উঠতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিশেষ করে গতকাল নেদারল্যান্ডসের কাছে সুপার ওভারে হেরে যাওয়ায়। কিন্তু আইসিসি ঠিক করেছে, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা মূলপর্বে এলে যোগ্যতা অর্জন পর্বে যা-ই হোক না কেন, ওয়েস্ট ইন্ডিজকে কোয়ালিফায়ার-১ ও শ্রীলঙ্কাকে কোয়ালিফায়ার-২ ধরা হবে।












Click it and Unblock the Notifications