ICC World Cup 2023: বিশ্বকাপের শেষ চারে যেতে পারে কোন দলগুলি? ম্যাকগ্রার পছন্দের তালিকায় কাদের নাম?
ICC World Cup 2023: মাস দুয়েক পরেই ভারতে বসছে আইসিসি বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে খেলা শুরু। কাপ জেতার দৌড়ে কারা এগিয়ে, কারা পিছিয়ে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। মতামত জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
ইংল্যান্ড চাইবে খেতাব দখলে রাখতে। ২০১৯ সালের বিশ্বকাপে থ্রি লায়ন্স দখলে নিয়েছিল বিশ্বকাপ। এরপর টি ২০ বিশ্বকাপেও তারা চ্যাম্পিয়ন হয়েছে। উপমহাদেশের পিচের চ্যালেঞ্জ সামলানোর ফ্যাক্টর ফারাক গড়ে দিতে পারে দলগুলির মধ্যে।

অস্ট্রেলিয়ার হয়ে তিনবার বিশ্বকাপ জিতেছেন গ্লেন ম্যাকগ্রা। সেই সঙ্গে তিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক উইকেটশিকারীও। ম্যাকগ্রা দ্য টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাৎকারে জানিয়েছেন, ভারতে বিশ্বকাপ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও চিত্তাকর্ষক হবে। উল্লেখ্য, ২০১১ সালে শেষবার ভারতে বিশ্বকাপ হয়েছিল। সেবার কাপ জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত।
ভারত দশ বছর ধরে কোনও আইসসি ইভেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার দেশের মাটিতে রোহিত শর্মারা ফেভারিট হিসেবেই নামবেন। চাইবেন আইসিসির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার দীর্ঘ খরা মেটাতে। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিল ভারত। তারপর থেকে কোনও বিশ্বকাপ জেতেনি। চ্যাম্পিয়ন্স ট্রফি বা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও পরাস্ত হয়েছে।

ম্যাকগ্রা মনে করছেন ভারতের পাশাপাশি সেমিফাইনালে উঠতে পারে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ইংল্যান্ড। তিনি বলেন, ভারত চেনা কন্ডিশনে বিশ্বকাপ খেলবে। আমি অস্ট্রেলিয়াকেও রাখছি পছন্দের তালিকায়। ইংল্যান্ড ও পাকিস্তানও ভালো খেলছে। ফলে এই চারটি দেশকেই সম্ভাব্য সেমিফাইনালিস্টের তালিকায় রাখলাম।
অস্ট্রেলিয়া ২০১৫ সালে নিজেদের দেশের মাটিতেই বিশ্বকাপ জিতেছিল। ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপ জেতে নিজেদের দেশে। ভারত শেষবার বিশ্বকাপ জিতেছে ২০১১ সালে। পাকিস্তান ১৯৯২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি। ভারত কাপ জেতার অন্যতম দাবিদার হলেও প্রথম একাদশ এখনও চূড়ান্ত করা যাচ্ছে না। বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত প্রথম ম্যাচ খেলবে ৮ অক্টোবর চেন্নাইয়ে। ভারত-পাকিস্তান ম্যাচটি ১৫ অক্টোবরের পরিবর্তে হবে ১৪ অক্টোবর। এই মুহূর্তে ভারতের বিভিন্ন স্টেডিয়ামে পরিদর্শন সারছেন আইসিসির প্রতিনিধিরা। কাল তাঁরা ইডেন পরিদর্শনে আসবেন।












Click it and Unblock the Notifications