ICC CWC 2023 Final: স্টার্ক না পারলেও জাম্পা ছুঁলেন মুরলীকে, রোহিত ভাঙলেন গেইলের রেকর্ড, রাহুল টপকালেন রাহুলকে
ICC CWC 2023 Final: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলছে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল। পাল্লা ভারী অজিদের দিকেও। যদিও দ্রুত কয়েকটি তুলে নিয়ে ম্য়াচে ফেরার লড়াই চালাচ্ছে ভারত।
এরই মধ্যে বেশ কয়েকটি নজির তৈরি হয়েছে। মিচেল স্টার্ক থেকে অ্যাডাম জাম্পা, রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে লোকেশ রাহুল বা মহম্মদ শামি বিভিন্ন মাইলস্টোনের নিরিখে নাম লিখিয়েছেন এলিট লিস্টে।

মিচেল স্টার্ক আজ ১০ ওভারে ৫৫ রান খরচ করে তিনটি উইকেট তুলে নিয়েছেন। ফলে বিশ্বকাপে ২৮টি ম্যাচ খেলে তাঁর উইকেট সংখ্যা হলো ৬৫। বিশ্বকাপে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা। তিনি ৩৯ ম্যাচে ৭১ উইকেট পেয়েছেন। তাঁর পরেই শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন (৪০ ম্যাচে ৬৮ উইকেট)।
বিশ্বকাপে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় মুরলীকে ছুঁতে পারলেন না স্টার্ক। তিনি এই নিয়ে তৃতীয় বিশ্বকাপ খেলছেন। তবে বিশ্বকাপে মুথাইয়া মুরলীধরনের একটি কীর্তি আজ স্পর্শ করলেন অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা। তিনি আজ ১০ ওভারে ৪৪ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন। ফলে চলতি বিশ্বকাপে তাঁর উইকেট-সংখ্যা হলো ২৩।
বিশ্বকাপের কোনও সংস্করণে স্পিনারদের মধ্যে সর্বাধিক উইকেট দখলের রেকর্ডটি এতদিন ছিল মুথাইয়া মুরলীধরনের দখলে। ২০০৭ সালে শ্রীলঙ্কার কিংবদন্তি ২৩ উইকেট নিয়েছিলেন। জাম্পা এবার ২৩ উইকেট পেয়ে ১৬ বছরের পুরানো রেকর্ড ভাঙলেন। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার ব্র্যাড হগ ও ২০১১ সালে শাহিদ আফ্রিদি ২১টি করে উইকেট নেন। ১৯৯৯ সালে শেন ওয়ার্ন পান ২০ উইকেট।
চলতি বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী হিসেবে অভিযান শেষ করছেন বিরাট কোহলি। তিনি ৭৬৫ রান করেছেন। বিশ্বকাপে সর্বাধিক উইকেটশিকারী হিসেবে অভিযান শেষ করবেন মহম্মদ শামিও। তিনি এখনও অবধি ১টি উইকেট পেয়েছেন। ফলে তাঁর মোট উইকেট-সংখ্যা আপাতত ২৪। যা জাম্পার থেকে ১টি উইকেট বেশি।
ভারতীয়দের মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মহম্মদ শামি। এদিন তিনি বিশ্বকাপে ৫৫তম শিকার সুনিশ্চিত করে ধরে ফেললেন ওয়াসিম আক্রমকে। আক্রম ৩৮ ম্যাচে ৩৬ ইনিংসে ৫৫ উইকেট পেয়েছিলেন বিশ্বকাপে। শামির লাগল ১৮টি ম্যাচ। শামির ঠিক সামনে লাসিথ মালিঙ্গা (৫৬)।
একদিনের আন্তর্জাতিকে কোনও ফরম্যাটে একই প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড এতদিন ছিল ক্রিস গেইলের দখলে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইয়ে তিনি ৮৫টি ছয় মেরেছিলেন। আজ রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৬তম ওডিআই ছক্কা হাঁকাতেই ভাঙল গেইলের রেকর্ড।
বিশ্বকাপে উইকেটকিপার হিসেবে নয়া মাইলস্টোন স্পর্শ করলেন লোকেশ রাহুল। চলতি বিশ্বকাপে ১৭তম শিকারের সঙ্গেই তিনি পিছনে ফেলে দিলেন রাহুল দ্রাবিড়কে। ২০০৩ সালের বিশ্বকাপে উইকেটকিপার দ্রাবিড়ের শিকারের সংখ্যা ছিল ১৬। রাহুল এখনও অবধি ১৬টি ক্যাচ ধরেছেন, স্টাম্পিং একটা।












Click it and Unblock the Notifications