Ind vs Aus In CWC 2023 Final: শব্দব্রহ্ম থামানোর তৃপ্তি চায় অস্ট্রেলিয়া, ফাইনালে ভারতের বিরুদ্ধে কোন রণকৌশল?
Ind vs Aus In CWC 2023 Final: পিচ বা টসকে গুরুত্ব দিচ্ছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ভারতে খেলার এবং বিশ্বকাপ ফাইনাল খেলার অভিজ্ঞতাসমৃদ্ধ ক্রিকেটারদের নিয়েই ষষ্ঠ বিশ্বকাপ জেতার লক্ষ্য অস্ট্রেলিয়ার।
ভারতের মতো অস্ট্রেলিয়াও এদিন ফাইনালের প্রথম একাদশ গোপন রাখল। ১ লক্ষ ৩২ হাজার দর্শকাসন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তবে দর্শকদের শব্দব্রহ্মও তাঁদের ফোকাস নড়াতে পারবে না বলে দাবি করলেন কামিন্স।

অজি অধিনায়ক বলেন, বিশ্বকাপ জেতা বিরাট বড় ব্যাপার হবে। আমরা সকলেই ছোটবেলা থেকে দেখেছি ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালে পরপর বিশ্বকাপ জিততে। এবার আমাদের সামনে সেই সুযোগ। বেশ রোমাঞ্চ অনুভব করছি। একঝাঁক দারুণ ক্রিকেটারকে নিয়ে বিশ্বকাপজয়ী অধিনায়কের তালিকায় নাম তুলতে মুখিয়ে রয়েছেন কামিন্স।
২০১৫ সালের বিশ্বকাপ জয় তাঁর কেরিয়ারের এক স্মরণীয় মাইলস্টোন। এবার নিজে অধিনায়ক হিসেবে দেশকে জেতাতে চান কামিন্স। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, অ্যাশেজের পর ৫০ ওভারের বিশ্বকাপ জিতলে তা যে সোনায় সোহাগা হবে তা বোঝাতে ভুল করেননি কামিন্স। সাফ জানিয়ে দিলেন, ভারতে খেলার অভিজ্ঞতা রয়েছে। ফলে শব্দব্রহ্মও অসুবিধা করবে না।
অস্ট্রেলিয়ার বর্তমান দলে এমন ১২ জন ক্রিকেটার রয়েছেন যাঁদের কারও না কারও ৫০ ওভার ও টি ২০ বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা রয়েছে। সেটাকেই দলের অন্যতম শক্তি হিসেবে দাবি করছেন কামিন্স। বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা যে কেমন সে সম্পর্কে এই ক্রিকেটাররা ওয়াকিবহাল। ফাইনালের আগে দল একেবারেই চাপে নেই বলে দাবি কামিন্সের।
কামিন্স এদিন বলেন, ইতিমধ্যেই ডেভিড ওয়ার্নার পুষ্পার গানে নেচে সমর্থকদের মন জিতে নিয়েছেন। ভারতে খেললে দর্শকদের সমর্থনের শব্দব্রহ্ম কেমন হবে সে ধারণাও রয়েছে। কাল তার চেয়ে কিছুটা বেশিও থাকবে নিশ্চিতভাবেই। তবে সেই শব্দব্রহ্মকে থামানোর চ্যালেঞ্জ নিয়ে কামিন্স বলেন, সেটা করা গেলে তার চেয়ে তৃপ্তিদায়ক কিছুই হতে পারে না।
ভারতের পেস বোলিং আক্রমণকে সমীহ করছেন অজি অধিনায়ক। বিশেষভাবে উল্লেখ করেছেন মহম্মদ শামির কথা। মাঝের ওভারগুলিতে স্পিনার রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব যেভাবে রানে রাশ টানছেন, উইকেট তুলে নিচ্ছেন, তার মোকাবিলার রণকৌশলও সাজাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে রদবদলের সম্ভাবনা বিশেষ নেই। মার্নাস লাবুশেনের জায়গায় মার্কাস স্টইনিসের কথা ভাবা যেতে পারে। তবে ছন্দে থাকা ভারতীয় বোলিং শক্তির কথা ভেবে লাবুশেনকে রেখে ব্যাটিং শক্তি কমাতে চাইবে না অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইনগ্লিস (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।












Click it and Unblock the Notifications