ICC CWC 2023 Final: দুরন্ত অস্ট্রেলিয়া, কপিলের তিরাশি ফেরাবেন রোহিতের বোলাররা? বিশ্বকাপ জিততে ভারতের পুঁজি ২৪০
Ind vs Aus In CWC 2023 Final: বিশ্বকাপের সেমিফাইনালের পর ফাইনালেও দুরন্ত বোলিং অস্ট্রেলিয়ার। যার জেরে আমেদাবাদেই ষষ্ঠ বিশ্বকাপ খেতাব জয়ের হাতছানি অজিদের সামনে।
ইডেনে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে অজিরা বেঁধে ফেলেছিল ২১২ রানে। চলতি বিশ্বকাপে অশ্বমেধের ঘোড়া ছোটানো শক্তিশালী ভারতীয় ব্যাটিং লাইন আপকে ফাইনালে ২৪০ রানেই আটকে দিল প্যাট কামিন্সের দল।

প্রথম পাওয়ারপ্লে-র ১০ ওভারে ভারত তুলেছিল ২ উইকেটে ৮০ রান। ১১ থেকে ৪০ ওভারে ওঠে ১১৭ রান, তিন উইকেট খুইয়ে। ভারতের হয়ে ১০৭ বলে সর্বাধিক ৬৬ রান করলেন লোকেশ রাহুল, মাত্র একটি বাউন্ডারি মেরেছেন। বিরাট কোহলি চারটি চারের সাহায্যে ৬৩ বলে ৫৪ রান করেন। রোহিত শর্মা চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে করেন ৩১ বলে ৪৭।
শুভমান গিল ৭ বলে ৪, শ্রেয়স আইয়ার ৩ বলে ৪, রবীন্দ্র জাদেজা ২২ বলে ৯, মহম্মদ শামি ১০ বলে ৬ ও জসপ্রীত বুমরাহ ৩ বলে ১ রান করেন। সূর্যকুমার যাদব ২৮ বলে ১৮ রান করে জশ হ্যাজলউডের বলে কট বিহাইন্ড হতেই ভারতের স্কোর দাঁড়ায় ৪৭.৩ ওভারে ৯ উইকেটে ২২৬। ভারত ৫০ ওভারে তুলল ২৪০ রান।
ভারত শেষ ১০ ওভারে তুলেছে মাত্র ৪৩ রান, ৫ উইকেটের বিনিময়ে। শেষ পাঁচ ওভারে ২ উইকেট পড়়েছে। রান এসেছে মাত্র ২৫। ১৮ বলে ১০ রান করেন কুলদীপ যাদব। মহম্মদ সিরাজ ৮ বলে ৯ রানে অপরাজিত থাকেন। গতকালের অনুশীলনে এই দুজন দীর্ঘক্ষণ ব্যাটিং করেছিলেন। আজ শেষের দিকে মূল্যবান ১৪ রান যোগ করলেন।
অস্ট্রেলিয়ার সফলতম বোলার মিচেল স্টার্ক। ১০ ওভারে ৫৫ রান দিয়ে তিনি তুলে নিলেন গিল, রাহুল ও শামির উইকেট। অজি অধিনায়ক প্যাট কামিন্স। ১০ ওভারে ৩৪ রানের বিনিময়ে দুটি উইকেট নিয়েছেন। বিরাট কোহলিকে বোল্ড করার পর কামিন্স পেয়েছেন শ্রেয়স আইয়ারের উইকেট।
জশ হ্যাজলউড ১০ ওভারে ৬০ রান খরচ করে ২টি উইকেট নেন। রবীন্দ্র জাদেজা ও সূর্যকুমার যাদবকে সাজঘরে ফেরান তিনি। গ্লেন ম্যাক্সওয়েল ৬ ওভার হাত ঘুরিয়ে ৩৫ রান খরচ করে পেয়েছেন রোহিত শর্মার উইকেট। দুরন্ত ক্যাচ ধরেন ট্রাভিস হেড। অ্যাডাম জাম্পা ১০ ওভারে ৪৪ রান খরচ করে পেয়েছেন বুমরাহর উইকেট।
১৯৮৩ সালের বিশ্বকাপে টস হেরে প্রথমে ব্য়াট করেছিল ভারত। ১৮৩ রানের পুঁজি নিয়ে খেলতে নেমে শক্তিশালী তথা তৎকালীন পরপর দু-বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ১৪০ রানে গুটিয়ে দিয়েছিল কপিল দেবের ভারত। ৪৩ রানে ম্যাচ জিতে ভারত প্রথমবার বিশ্বকাপ জেতে। আজ পুঁজি ২৪০ রানের। তিরাশির ফাইনালের পুনরাবৃত্তি ঘটাতে পারবেন ভারতীয় বোলাররা?












Click it and Unblock the Notifications