ICC World Cup 2023: বিশ্বকাপের সূচি বদলে সমস্যায় পড়বেন ক্রিকেটপ্রেমীরা, আমেদাবাদে হোটেল বুকিংয়ে নাজেহাল দশা
ICC World Cup 2023: আইসিসি বিশ্বকাপের সূচিতে রদবদল আসবে বলে জানিয়ে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনটি দেশের আপত্তিতেই সূচি বদলানোর পরিস্থিতি তৈরি হয়েছে। তবে যে শহরে যে ম্যাচ সেখানেই তা হবে।
জয় শাহ প্রকাশ্যে না বললেও এটাও ঠিক যে, ভারত-পাকিস্তান ম্যাচ আমেদাবাদে হবে, কিন্তু ১৫ অক্টোবর হবে না। নবরাত্রি পড়াতেই এই হাইভোল্টেজ ম্যাচ এগিয়ে আনার ভাবনাচিন্তা চলছে। সংশোধিত সূচি প্রকাশিত হলেই পরিষ্কার হবে ছবি।

আমেদাবাদে ভারত-পাক ম্যাচ দেখতে আগ্রহী ক্রিকেটপ্রেমীরা সবচেয়ে বড় সমস্যায় পড়েছেন হোটেল বুকিং করতে গিয়ে। কোনও হোটেলে বুকিং নেওয়া বন্ধ রাখা হয়েছে। কোথাও এমন দর যে ছ্যাঁকা লাগছে। নভোটেল হোটেলে ৯০ হাজার টাকা থেকে বুকিং শুরু। তাও আবার অ-ফেরতযোগ্য। ডাবল ট্রি হোটেলে বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে।
হোটেল লেমন ট্রি প্রিমিয়ারে একদিনে থাকার জন্য দর হাঁকানো হয়েছে ৬০ হাজার টাকা, তাও এখন বুকিং বন্ধ। রেডিসন ব্লু হোটেলে ১ লাখ টাকা থেকে বুকিং শুরু। অ্যাডভান্স পেমেন্ট করতে বলা হচ্ছে, সেই টাকা অ-ফেরতযোগ্য। প্রাইড প্লাজা হোটেলে অন্তত ২ দিনের জন্য রুম বুক করতে হচ্ছে, সেখানেও দর ১ লক্ষ টাকা। অ্যাডভান্স বুকিংয়ের টাকা অ-ফেরতযোগ্য।
ওয়েলকাম হোটেলেও ১ লক্ষ টাকা থেকে বুকিং শুরু। সেখানেও ২ দিনের জন্য রুম বুক করতে হচ্ছে। ১৪ ও ১৫ অক্টোবরের জন্য হোটেলগুলির এই দরের সঙ্গে যুক্ত হবে কর। ফলে দর আরও অনেকটাই বাড়বে। এই অবস্থায় যাঁরা বুকিং সেরে রেখেছেন ম্যাচ এক দিন এগিয়ে এলে ট্রাভেল প্ল্যান ও হোটেল বুকিংয়ের দিনেও বদল আনতে হবে।

তবে নবরাত্রি থাকলেও ভারত-পাক ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। জয় প্যাটেলের কথায়, ম্যাচের দিন বদলালে কোনও অসুবিধা হবে না। শাহীবাগের বাসিন্দা হাসমুখ প্যাটেল বলেন, আমি সবচেয়ে ভালোবাসি ক্রিকেট। যেদিনই ম্যাচ হোক সপরিবারে যাব খেলা দেখতে। নমস্তে সার্কেলের হর্ষ ঠাকোরের কথায়, স্থানীয় মানুষের অসুবিধা না হলেও যাঁরা ১৫ তারিখ ম্যাচ দেখে হোটেল বুকিং করেছেন, সমস্যা তাঁদেরই।
মোতেরার পান পার্লারের মালিক হার্দিক প্যাটেল বলছেন, ম্যাচের দিন বদলাতেই হবে। পুলিশ নবরাত্রি আর ভারত-পাক ম্যাচ সামলাতে পারবে না। বিসিসিআই ম্যাচের দিন না বদলালে ১৫ তারিখ পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে।












Click it and Unblock the Notifications