Sourav On CWC 2023 Exclusive: সৌরভ কেন 'ব্রেক' নিলেন বিশ্বকাপ থেকে? ভারতের কাপ জয়ে কোন দুই বিষয় ফ্যাক্টর হবে?
Sourav On CWC 2023 Exclusive: সৌরভ গঙ্গোপাধ্যায় এবার বিশ্বকাপ থেকে নিজেকে দূরেই রাখছেন। ওয়ানইন্ডিয়া বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তার কারণও খোলসা করেছেন তিনি।
ম্যাচ গড়াপেটা কাণ্ডের অন্ধকারে নিমজ্জিত ভারতীয় দল ঘুরে দাঁড়িয়েছিল সৌরভের নেতৃত্বে। ক্রিকেটের প্রতি মানুষের আস্থা-বিশ্বাস ফিরিয়েছিলেন। ২০০৩ সালের বিশ্বকাপে ফাইনালেও ওঠে সৌরভের ভারত। এবার বিশ্বকাপের আগে তাঁর ক্রিকেটীয় বিশ্লেষণ ওয়ানইন্ডিয়া বাংলার পাঠকদের জন্য।

বিশ্বকাপ শুরুর আগেই ফেভারিট দলগুলি কারা, তা জানতে মুখিয়ে থাকেন সকলেই। সৌরভের কথায়, খেলায় বলা যায় না যে কে সেমিফাইনাল খেলতে পারে। ফর্মের উপর সব কিছু নির্ভর করবে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান ভালো দল। দক্ষিণ আফ্রিকাও ভালো খেলছে। সম্প্রতি অস্ট্রেলিয়াকে হারিয়েছে।
তবে উপমহাদেশের কন্ডিশন যেহেতু আলাদা সে কারণে প্রোটিয়াদের শেষ চারের দৌড়ে রাখলেও প্রথম চারটি দলের মধ্যে রাখছেন না। রাখছেন পঞ্চম স্থানে। মহারাজ বলেন, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানই আমার মতে সম্ভাব্য চার সেমিফাইনালিস্ট। তবে আবারও বলছি, সব কিছু নির্ভর করবে ফর্মের উপরে।
রোহিত শর্মার ভারতকে নিয়ে যথেষ্ট আশাবাদী মহারাজ। প্রাক্তন বিসিসিআই সভাপতি বলেন, ভারত ভালো খেলছে। সেরা ফর্মে রয়েছে। বিশ্বকাপে কেমন খেলে তার উপর নির্ভর করবে অনেক বিষয়। প্রতিটি টুর্নামেন্টই আলাদা। আজ শতরান করলে পরদিন শূন্য থেকে শুরু করতে হয়। ফর্ম, মোমেন্টাম গুরুত্বপূর্ণ। ভারতের মোমেন্টাম খুবই ভালো।

সৌরভকে প্রশ্ন করা হয়েছিল সেমিফাইনালে উঠতে ভারতের জন্য কোন ম্যাচগুলি গুরুত্বপূর্ণ হতে পারে? ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, ৯টি দলের সকলেই সকলের বিরুদ্ধে খেলবে। শক্ত দলগুলির মধ্যে লড়াইয়ে ফারাক গড়ে দেয় সেই ফর্ম। তার উপর নির্ভর করেই যে কোনও দল যে কাউকে হারিয়ে দিতে পারে।
সৌরভর বলেন, ভারতের পাশাপাশি ইংল্যান্ড, পাকিস্তান দলে ভালো ভালো ক্রিকেটার রয়েছেন। শুভমান গিলের প্রথম বিশ্বকাপ, তিনি ভালো ফর্ম নিয়েই বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। রোহিত শর্মা ও বিরাট কোহলির সম্ভবত এটাই ৫০ ওভারের শেষ বিশ্বকাপ হতে চলেছে। কেন না, চার বছর খুব বড় ব্যবধান। মহম্মদ শামি রয়েছেন, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ারও ভালো খেলছেন।
বিরাট কোহলি খারাপ সময় কাটিয়ে রানের মধ্যে ফিরেছেন। স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমান গিল। এই দুজন ভারতীয় দলের সাফল্যের পথ প্রশস্ত করে দিতে পারেন বলে মন্তব্য সৌরভের। তাঁর মতে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিই ম্যাচ জেতায়। তবে ভারতের মাটিতে সব সময় গুরুত্বপূর্ণ ভালো ব্যাটিং করা। অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শদের দিকেও নজর রাখবেন সৌরভ।
২০১১ সালের বিশ্বকাপ ভারত জিততে চেয়েছিল সচিন তেন্ডুলকরের জন্য। এবার কি রোহিত-বিরাটদের জন্য তেমনভাবেই জিততে মুখিয়ে থাকবেন সকলে? এই প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, টিমের মিশন কী সেটা জানতে হবে। হেড কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মাকে বিশ্বকাপকে কীভাবে দেখছেন, কী কথাবার্তা চলছে তাঁদের মধ্যে ড্রেসিংরুমের বাইরে থেকে তা বোঝা সম্ভব নয়।
তবে ভারত যথেষ্টই শক্তিশালী দল। বিশ্বকাপের মিশন দ্রাবিড়, রোহিতরাই ঠিক করবেন বলে মন্তব্য সৌরভের। আইসিসি ট্রফি জয়ের খরা এবার কাটবে বলেও আশাবাদী সৌরভ। তিনি নিজে দাদাগিরির শ্যুটিং শুরু করে দিয়েছেন। সৌরভ বললেন, এবার বিশ্বকাপের সঙ্গে যুক্ত নই। সারা বছর প্রচুর ব্যস্ততা থাকে। এবার ব্রেক নিয়েছি।
তবে সৌরভকে বিশ্বকাপ আয়োজনের কমিটিতে রেখেছে সিএবি। সৌরভ বলেন, অনেকদিন ধরেই সংস্কার কাজ চলছে। তবে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি বলে খুব বেশি যেতে পারি না। বিশ্বকাপের সময় সিএবিকে সবরকম সহযোগিতা করব।












Click it and Unblock the Notifications