ICC World Cup 2023: বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফাঁকা ইডেন, লক্ষ্মীপুজোর ছুটির দিনেও দর্শক টানতে ব্যর্থ সিএবি
জৌলুসহীনভাবেই হল কলকাতায় বিশ্বকাপের বোধন। আদৌও একদিনের বিশ্বকাপের ম্যাচ হচ্ছে নাকি কোনও ঘরোয়া ক্রিকেটের? ইডেনের গ্যালারি দেখলে সেটা বোঝা যাবে না। বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে ক্রিকেটের নন্দন কানন যেন সাহারা মরুভূমি। বিশ্বকাপের প্রথম ম্যাচ শুরু হল কলকাতায় উত্তাপহীন ভাবেই। একে শনিবার তাও আবার লক্ষ্মীপুজোর ছুটি। কিন্তু লোক টানতে সম্পূর্ণ ব্যর্থ সিএবি।
বিশ্বকাপের শুরু থেকেই প্রতিটি স্টেডিয়ামের গ্যালারি ভরছিল না। ভারতের ম্যাচ ব্যাতীত অন্য কোনও দলের খেলায় দেখা যাচ্ছিল দর্শকের অপেক্ষায় ফাঁকা চেয়ারের ছবি। শনিবারের ইডেন মনে হয় সব কিছুকেই ছাপিয়ে গেল। পড়শি দেশের খেলা হচ্ছে, কিন্তু শাকিব-লিটনদের সমর্থন জানাতে কার্পণ্যই দেখাল কলকাতা। বিশ্বকাপের ম্যাচ তাও ইডেনে এমন দৃশ্য খুবই কম দেখা গিয়েছে।

ইডেন নন্দনকানন বলে পরিচিত, শহরে প্রথম ম্যাচে দর্শকদের এমন অনীহা দেখে অনেকেই অবাক। যতই নেদারল্যান্ডস বনাম বাংলাদেশের ম্যাচ হোক, তিলোত্তমা সব সময়ই সবদেশকে সমর্থনের ডালি উজার করে দিয়েছে। কিন্তু লক্ষ্মীপুজোর ছুটিতেও ইডেন দর্শক টানতে ব্যর্থ, তাও বাংলাদেশ ম্যাচ।

ম্যাচ শুরুও হল একেবারেই নমো নমো ভাবেই। কোনও চমকই দিতে পারলেন না কর্তারা। এমনকি কোনও সেলিব্রিটিকেও ম্যাচের আগে চোখে পড়ল না ইডেনে ঢুকেত। ঘরের ছেলে তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় যা মানরক্ষা করার একটা চেষ্টা করলেন।

সব মিলিয়ে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ ছাড়া গ্রুপ পর্বের অন্য কোনও ম্যাচে স্বমহিমায় মায়াবি ইডেনকে দেখার সম্ভাবনা ক্ষীণ।












Click it and Unblock the Notifications