ICC World Cup 2023: বিশ্বকাপ থেকে আজই ছুটি ইংল্যান্ডের? শ্রীলঙ্কা ম্যাচে ব্যাটিং বিপর্যয় দেখে সরব নাসের
ICC World Cup 2023: চলতি বিশ্বকাপ থেকে আজই কি বিদায় হয়ে যাবে ইংল্যান্ডের? আজ বেঙ্গালুরুতে গতবারের চ্যাম্পিয়নদের পারফরম্যান্স সেই সম্ভাবনাই জোরালো করল।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টস জিতে ব্যাট করতে নেমে ৩৩.২ ওভারে ১৫৬ রানেই গুটিয়ে গেল জস বাটলারের দল। ১০টি উইকেট পড়ল ১১১ রানের মধ্যে।

ওপেনিং জুটিতে ৬.৩ ওভারে ৪৫ রান ওঠে। ৯.৪ ওভারে ৫৭ রানে পড়ে দ্বিতীয় উইকেট। সেখান থেকে ১৭ ওভারের শেষে স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৮৫। ওপেনার জনি বেয়ারস্টো ৩১ বলে ৩০ ও ডেভিড মালান ২৫ বলে ২৮ রান করেন। জো রুট ৩, জস বাটলার ৮, লিয়াম লিভিংস্টোন ১, ক্রিস ওকস ০, আদিল রশিদ ২ ও মার্ক উড ৫ রান করেন।

৬টি চারের সাহায্যে ৭৩ বলে সর্বাধিক ৪৩ রান করেন বেন স্টোকস। মঈন আলি করেন ১৫। ১৭ বলে ১৪ রানে অপরাজিত থাকেন ডেভিড উইলি। লাহিরু কুমারা ৭ ওভারে ৩৫ রান খরচ করে নেন তিনটি উইকেট। কাসুন রাজিথা ৭ ওভারে ৩৬ ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ ১টি মেডেন-সহ ৫ ওভারে ১৪ রান দিয়ে ২টি করে উইকেট নেন।
ম্যাথিউজকে শ্রীলঙ্কা দলে নিয়েছে চোটের কারণে মাথিশা পাথিরানা ছিটকে যাওয়ায়। ১টি মেডেন-সহ ৮.২ ওভারে ২১ রান খরচ করে একটি উইকেট দখল করেছেন মাহিশ থিকশানা। দিলশান মাদুশঙ্কা ৫ ওভারে ৩৭ ও ধনঞ্জয় ডি সিলভা ১ ওভারে ১০ রান দিয়ে কোনও উইকেট পাননি। চিন্নাস্বামী স্টেডিয়ামে এর আগে কোনও একদিনের আন্তর্জাতিকে কোনও দল এত কম রানে আউট হয়নি।
বিশ্বকাপ দখলে রাখার লক্ষ্যপূরণে টিকে থাকতে হলে আজকের ম্যাচ জিততেই হবে ইংল্যান্ডকে। ২০০৭ সাল থেকে বিশ্বকাপের আসরে শ্রীলঙ্কাকে হারাতে পারেনি থ্রি লায়ন্স। সেই ধারা এবারও অব্যাহত থাকলে আজই বিশ্বকাপ থেকে ছুটি হয়ে যাবে ইংল্যান্ডের। কেন না, একমাত্র বাংলাদেশ ম্যাচে জেতা ছাড়া বাকি তিনটি ম্যাচেই পরাস্ত হয়েছেন জস বাটলাররা।
ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয় দেখে সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন। তিনি বলেন, ইংল্যান্ডের ব্যাটিং দেখে মনে হচ্ছে কেউই ছন্দে নেই। ক্রিজে কিছুক্ষণ টিকলেই কেউ ফর্ম ফিরে পেতে পারেন। কিন্তু ইংল্যান্ডের ব্যাটিং ছন্দহীন। অনেকগুলি ম্যাচে ইংল্যান্ড এই ব্যাটিং লাইন আপ নিয়ে নামলেও সাবলীলতা চোখে পড়ছে না।












Click it and Unblock the Notifications