ICC World Cup 2023: ইডেন পাচ্ছে বিশ্বকাপের সেমিফাইনাল, আমেদাবাদে উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল
ICC World Cup 2023: আইসিসি ৫০ ওভারের বিশ্বকাপের সূচি প্রকাশিত হবে কাল মুম্বইয়ে। ক্রিকবাজ সূত্রকে উদ্ধৃত করে দাবি করছে, বিশ্বকাপের একটি সেমিফাইনাল ম্যাচ পাবে ইডেন।
বিশ্বকাপের উদ্বোধন ও ফাইনাল হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। অপর সেমিফাইনাল আয়োজনের দৌড়ে রয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।

১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল হয়েছিল ইডেনে। তারপর এই প্রথম বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজন করবে ক্রিকেটের নন্দনকানন। ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পাশাপাশি ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ইডেনে। তবে ৫০ ওভারের বিশ্বকাপে সেমিফাইনাল ইডেনে হবে ২৭ বছর পর।
ক্রীড়াসূচিতে বড়সড় রদবদল না হলেও শেষ মুহূর্তে সামান্য কিছু পরিবর্তন হয়েছে। তাতেই ইডেনের জন্য সুখবর ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা। উল্লেখ্য, এবারের আইপিএলে ইডেন গার্ডেন্স ও মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম সেরা মাঠের পুরস্কার পেয়েছিল। এই দুই স্টেডিয়ামেই বিশ্বকাপের সেমিফাইনাল হতে চলেছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছিল. ওয়াংখেড়ের পাশাপাশি চেন্নাইয়ের চিপকে হবে বিশ্বকাপের দুটি সেমিফাইনাল। এরই মধ্যে উঠে এসেছিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের নামও। আইসিসি ও বিসিসিআই সূত্রের খবর, ক্রীড়াসূচি ঘোষণা হওয়ার আগে শেষ ল্যাপে মুম্বই ও চেন্নাইয়ের সঙ্গে সেমিফাইনাল আয়োজনের দৌড়ে চলে আসে ইডেন।
বিসিসিআইয়ের সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, ওয়াংখেড়েতে একটি সেমিফাইনাল হবেই। অপর সেমিফাইনাল আয়োজনের ব্যাপারে চেন্নাইয়ের চেয়ে এগিয়ে গিয়েছে কলকাতা। এর অন্যতম কারণ আবহাওয়া। নভেম্বরে চেন্নাইয়ে বৃষ্টি হয়ে থাকে। সে কারণেই চিন্নাস্বামী সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাচ্ছে।

যে রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য বেছে নেওয়া হয়েছে, তাদের কর্তাদের আজ মুম্বইয়ে বৈঠকে ডাকা হয়েছিল। ভারত সেমিফাইনালে উঠলে সেই সেমিফাইনালটি হবে মুম্বইয়ে। ওয়াংখেড়েতে ২০১১ সালের ফাইনাল হয়েছিল।
ইডেনে বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ১৯৮৭ সালে। এবারের বিশ্বকাপে ১০টি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। ইডেন ভারতের একটি ম্যাচও পাবে। তবে ভারত-পাকিস্তান ম্যাচ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হবে।












Click it and Unblock the Notifications