ICC World Cup 2023: বিরাট সুখবর ক্রিকেট ভক্তদের জন্য, ফের পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট কাটার সুযোগ
ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। ফের বিশ্বকাপের ম্যাচের টিকিট কাটার সুযোগ পাবেন দর্শকরা। ইতিমধ্যেই টিকিট কাটার নির্ধারিত দিন পেরিয়ে গিয়েছে। কিন্তু সমর্থকদের চাহিদার কথা মাথায় রেখে আরও এক দফা টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বুকমাইশো। এমনকি ভারত নেদারল্যান্ডস প্রস্তুতি ম্যাচের টিকিট এখনও পর্যাপ্ত রয়েছে। যে ম্যাচটি অনুষ্ঠিত হবে তিরুবনন্তপুরমে।
বিশ্বকাপ শুরু হতে এখনও কয়েক সপ্তাহ বাকি। টিকিটের হাহাকার অনেক দিন থেকেই। এর জন্য টিকিট কাটার জটিল প্রক্রিয়াও অস্বস্তিতে ফেলেছে ক্রিকেট প্রেমীদের। ঘরের মাঠে বিশ্বকাপ। এই সুযোগ মিস করতে নারাজ ভারতের ক্রিকেট প্রেমীরা। এই পরিস্থিতিতে টিকিট বিক্রিকারী সংস্থার পক্ষ থেকে আগামী দিনে বিশ্বকাপের ম্যাচের টিকিট অনলাইনেই বিক্রি করা হবে। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনও সরকারিভাবে এই বিষয়ে কোনও বিবৃতি আসেনি।

বিশ্বকাপে টিকিট বিক্রি নিয়ে প্রথম থেকেই অব্যবস্থার অভিযোগ উঠছে। এরজেরে শুধু বুকমাইশোর-র উপর ভরসা না করে আসরে নামতে হয়েছে বিসিসিআইকেও। কয়েক সপ্তাহ আগে এক বিবৃতিতে জানানো হয়েছে, পরবর্তী পর্বে ৪ লক্ষ টিকিট ছাড়া হচ্ছে। বোর্ড জানিয়েছে, 'যে সমস্ত ভেনুতে ম্যাচ হচ্ছে, সেই রাজ্য সংস্থাগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। আরও প্রায় ৪ লক্ষ টিকিট ছাড়া হবে।'
টিকিটের কালোবাজারি রুখতে একাধিক কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা সাত দফায় বিক্রি করবে বিশ্বকাপের টিকিট। ভারত পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে সবথেকে বেশি চাহিদা। ২০২৩ বিশ্বকাপে কোনও ই-টিকিটের সুবিধা থাকছে না। অনলাইনে টিকিট কাটার পর দর্শকদের সেই টিকিটের হার্ডকপি সংগ্রহ করা বাধ্যতামূলক।

বিসিসিআইয়ের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে,ভারতের যে কোনও স্টেডিয়ামে ম্যাচ দেখতে হলে ফিজিক্যাল টিকিট থাকা বাধ্যতামূলক। যদি অনলাইনেও টিকিট বুক করে থাকে, তবুও স্টেডিয়ামে ঢুকতে হলে ফিজিক্যালি গিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। তবেই স্টেডিয়ামে প্রবেশ করা যাবে।
ইতিমধ্যে আবার খবর পাওয়া গিয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যে আয়োজিত অনুশীলন ম্যাচে মাঠে কোনও দর্শক প্রবেশ করতে পারবেন না। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচটি বন্ধ দরজার ওপারেই আয়োজন করা হবে। পাশাপাশি 'বুক মাই শো' অ্যাপ সংস্থাকেও ভারতীয় ক্রিকেট বোর্ড এই নির্দেশ দিয়েছে যেন দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়।

সবমিলিয়ে টিকিটের চাপ সামলাতে বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে থেকেই চাপে বিসিসিআই থেকে বুক মাই শো।












Click it and Unblock the Notifications