ICC CWC 2023: ওডিআইয়ে লজ্জার নজির রোহিতদের! বিশ্বকাপে কতবার দুই ওপেনারই ফিরেছেন শূন্য রানে?
ICC CWC 2023: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বিশ্বকাপে প্রথম জয় ছিনিয়ে নিতে চিপকে ভারত ২০০ রানের টার্গেট তাড়া করছে। শক্তিশালী ব্যাটিং লাইন আপের কাছে এই রান তেমন চিন্তার কিছু নয়।
যদিও স্কোরবোর্ডে ২ রান ওঠার মধ্যেই ভারত তিনটি উইকেট হারিয়ে বসল। দুই ওপেনারের পাশাপাশি চারে নামা শ্রেয়স আইয়ারও খাতা না খুলেই সাজঘরের রাস্তা ধরলেন। যাতে তৈরি হলো লজ্জার নজিরও।

১৯৮৩ সালের বিশ্বকাপে জিম্বাবোয়ে ম্যাচে ভারতের দুই ওপেনার শূন্য রানে আউট হয়েছিলেন। তারপর এই প্রথম ভারতের দুই ওপেনার বিশ্বকাপের কোনও ম্যাচে আউট হলেন কোনও রান না করেই। বিশ্বকাপে এই নিয়ে সপ্তমবার কোনও দলের দুই ওপেনারই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরলেন।
আজ বিশ্বকাপ অভিষেকে ঈশান কিষাণ ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। প্রথম ওভারের চতুর্থ বলে অফ সাইডের বল তাড়া করতে গিয়ে স্লিপে ক্যামেরন গ্রিনের হাতে সহজ ক্যাচ দেন কিষাণ। এই উইকেটটি নিয়ে পঞ্চম বোলার হিসেবে বিশ্বকাপে ৫০টি উইকেট দখলের মাইলফলক স্পর্শ করলেন মিচেল স্টার্ক।
এরপর দ্বিতীয় ওভারে জশ হ্যাজলউড কোনও রান দেননি। তুলে নেন রোহিত শর্মা ও শ্রেয়স আইয়ারের উইকেট। রোহিত ৬ বলে ও শ্রেয়স ৩ বলে শূন্য রানে সাজঘরে ফেরেন। রোহিত লেগ বিফোর। রিভিউ নিয়ে বাঁচতে পারেননি, আম্পায়ার আউট দিয়েছিলেন, রিভিউয়ের ফল আসে আম্পায়ার্স কল। শ্রেয়স জঘন্য শট খেলে ক্যাচ দেন ডেভিড ওয়ার্নারের হাতে।

একদিনের আন্তর্জাতিকের পরিসংখ্যানে স্পষ্ট, এই প্রথম ভারতীয় দলের প্রথম চার ব্যাটারের মধ্যে তিনজনই শূন্য রানে আউট হলেন। তবে ভারতের কপাল ভালো। ২০ রানে চতুর্থ উইকেটের পতন ঘটেনি। অষ্টম ওভারে জশ হ্যাজলউডে তৃতীয় বলে মিচেল মার্শ বিরাট কোহলির ক্যাচ ফেলেন। এই ক্যাচ ম্যাচ হাতছাড়ার কারণ হবে কিনা তা বলবে সময়।
ভারতের দুই ওপেনারই কোনও ওডিআইয়ে শূন্য রান করেছেন, এমনটা হলো ১৯ বছর পর। শেষবার ২০০৪ সালে অ্যাডিলেডে ভিবি সিরিজের ম্যাচে ভারতের দুই ওপেনারই শূন্য রানে আউট হয়েছিলেন। এ ক্ষেত্রেও ভারতের প্রতিপক্ষ ছিল সেই জিম্বাবোয়েই। তবে ১৯৮৩-র বিশ্বকাপই হোক, বা অ্যাডিলেডের ম্য়াচ, দুটিই জিতেছিল ভারত।
১৯৮৩ সালের বিশ্বকাপে ১৮ জুন টানব্রিজ ওয়েলসে ভারত ৩১ রানে হারিয়েছিল জিম্বাবোয়েকে। ১৭ রানে পাঁচ, ৭৮ রানে সাত উইকেট পড়ে গিয়েছিল ভারতের। কপিল দেব ১৩৮ বলে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলার পর বল হাতে একটি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। সেই ম্যাচে সুনীল গাভাসকর ২ বলে ও কৃষ্ণমাচারী শ্রীকান্ত ১৩ বলে শূন্য করেন।
২০০৪ সালে ভিবি সিরিজের ম্যাচে ২৪ জানুয়ারি অ্যাডিলেডে জিম্বাবোয়েকে ৩ রানে হারিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। সেই ম্য়াচে ওপেন করতে সঞ্জয় বাঙ্গার ৪ বলে ও পার্থিব প্যাটেল ৮ বলে ০ রান করেছিলেন। সেই ম্য়াচে ভিভিএস লক্ষ্মণ ১৩৮ বলে ১৩১ রান করে ম্যাচের সেরা হন। আজ ভারত তাকিয়ে বিরাট কোহলি, লোকেশ রাহুলের দিকে।












Click it and Unblock the Notifications