ICC World Cup 2023: বিশ্বকাপের ম্যাসকট-দ্বয়ের নামকরণ চূড়ান্ত, টুর্নামেন্ট নিয়ে মেতে ওঠার আগে পরিচয় সেরে নিন
ICC World Cup 2023: আইসিসি বিশ্বকাপ শুরু হবে অক্টোবরের ৫ তারিখ থেকে। তার আগে নাকরণ হয়ে গেল ম্যাসকটের। বিশ্বকাপের ম্যাসকটদের আগেই জনসমক্ষে এনেছিল আইসিসি। কিন্তু তখন নামকরণ হয়নি।
পুরুষ ও মহিলা ম্যাসকটদের নাম চূড়ান্ত করার আগে ক্রিকেটপ্রেমীদের মতামত জানতে চেয়েছিল আইসিসি। সেইমতো ভোটদানের ব্যবস্থা করা হয়। প্রচুর নাম জমা পড়ে। অবশেষে সংস্কৃতিবিদ ও ভাষাবিদদের সঙ্গে কথা বলে দুটিরই নামকরণ হয়ে গেল।

মহিলা ম্যাসকটের নাম রাখা হয়েছে ব্লেজ (Blaze)। পুরুষ ম্যাসকটের নাম টঙ্ক (Tonk)। বিশ্বকাপের সময় স্টেডিয়ামে হাজির থেকে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে মিলিত হওয়ার পাশাপাশি সকলকে মনোরঞ্জন করবে এই ম্যাসকট-দ্বয়। এ ছাড়াও বিশ্বকাপ সংক্রান্ত বিভিন্ন ইভেন্টে তাঁদের হাজির করার পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে।
পুরুষ ও মহিলা ক্রিকেটকে সমানভাবে গুরুত্ব দিয়ে এই দুটি ম্যাসকট গত মাসে সামনে এনেছিল আইসিসি। মহিলা ম্যাসকট ব্লেজকে দেখানো হয়েছে বোলার হিসেবে। যার হাত দিয়ে বিদ্যু গতিতে বেরিয়ে আসছে আগুনের গোলা। অভ্রান্ত নিশানা, দুরন্ত রিফ্লেক্সের মাধ্যমে ফাস্ট বোলিং সেনসেশন হিসেবে উপস্থাপন করা হয়েছে ব্লেজকে।
পুরুষ ম্যাসকট টঙ্ক উপস্থাপিত হয়েছে ব্যাটার হিসেবে। আইস-কুল ভাবমূর্তি তুলে ধরা হয়েছে। অনবদ্য ব্যাটিংশৈলীতে পারদর্শী ম্যাসকট বড় শট খেলতেও সক্ষম। তার হাতে দেখা গিয়েছে ইলেকট্রো ম্যাগনেটিক ব্যাট। অভিনব শট দিয়ে তিনি মাতিয়ে দিচ্ছেন দর্শকদের, আইসিসির ভিডিওটিতে সেটিই তুলে ধরা হয়েছে।

সবমিলিয়ে আসন্ন বিশ্বকাপে যে ব্যাট-বলের উপভোগ্য দ্বৈরথের সাক্ষী ক্রিকেটপ্রেমীরা থাকতে চলেছেন দুই ম্যাসকটের মাধ্যমে তা বোঝাতে চেয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ১২ বছর পর ভারতে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে। ফাইনাল ১৯ নভেম্বর।
ম্যাচের দিন স্টেডিয়ামে হাজির থাকার পাশাপাশি বিভিন্ন ফ্যান পার্কেও ব্লেজ ও টঙ্ককে হাজির করানোর পরিকল্পনা রয়েছে। যে শহরগুলিতে বিশ্বকাপের ম্যাচগুলি হবে সব জায়গাতেই ম্যাসকট-সহ অভিনব রোড শো-র পরিকল্পনাও রয়েছে আয়োজকদের। বিশ্বকাপ চলবে ৪৫ দিন ধরে।












Click it and Unblock the Notifications