ICC World Cup 2023: বিশ্বকাপ আয়োজক দেশ হিসেবে জিতেছে কারা? রোহিতদের সম্ভাবনা এবার কেন বেশি?
ICC World Cup 2023: ১৯৭৫ ও ১৯৭৯ সালে ইংল্যান্ড এবং ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের পর এবারই প্রথমবার ভারত এককভাবে বিশ্বকাপ আয়োজন করছে। ১৯৮৩ সালের বিশ্বকাপের একটি ম্যাচ হয়েছিল ওয়েলসে।
বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকা দেশ কাপ জিতেছে এমন নজির রয়েছে চারটি। শ্রীলঙ্কা, ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তবে এককভাবে আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপ জয়ের নজির কারও নেই।

২০১১ সালের বিশ্বকাপ ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ মিলে আয়োজন করেছিল, তিন দেশেই হয়েছিল বিশ্বকাপের ম্যাচ। ১৯৮৭ সালে ভারত ও পাকিস্তান যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করে, সেবারই প্রথম ইংল্যান্ডের বাইরে হয়েছিল বিশ্বকাপ। ১৯৯৬ সালের বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান।
১৯৯৬ সালের বিশ্বকাপে ভারতে হয়েছিল ১৭টি ম্যাচ, শ্রীলঙ্কায় ৪টি ও পাকিস্তানে ১৬টি। সেবারই প্রথম আয়োজক কোনও দেশ বিশ্বকাপ জেতে। শ্রীলঙ্কা নিজেদের দেশে খেলেছিল দুটি ম্যাচ, ফাইনাল হয়েছিল লাহোরে। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছিল বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে। ২০১৯ সালের বিশ্বকাপ আয়োজন করে ইংল্যান্ড ও ওয়েলস।

২০১১, ২০১৫ ও ২০১৯, বিশ্বকাপের শেষ তিনটি সংস্করণেই আয়োজক দেশ নিজেদের দেশের মাটিতেই বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে। ২০১১ সালের বিশ্বকাপ ছিল সচিন তেন্ডুলকরের শেষ বিশ্বকাপ। মাস্টার ব্লাস্টার সেবারই প্রথম কাপ জয়ের স্বাদ পান। ২ এপ্রিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে ১৮ রান করলেও, পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে ম্যাচের সেরা হন।
যুবরাজ সিং ৩৬২ রান ও ২৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা হয়েছিল, যদিও তখনই তাঁর শরীরে বাসা বেঁধেথিল ক্যান্সার। যুবি পরবর্তীকালে ক্যান্সার জয় করেন। বিশ্বকাপের সফলতম অস্ট্রেলিয়া শেষবার বিশ্বকাপ জিতেছে নিজেদের দেশেই। মেলবোর্নের ফাইনালে নিউজিল্যান্ডকে ১৮৩ রানে বেঁধে ফেলে ১০১ বল বাকি থাকতেই জিতেছিল মাইকেল ক্লার্কের দল।
ইংল্যান্ড এবার নামবে কাপ দখলে রাখার লক্ষ্যে। ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালেও উঠেছিল নিউজিল্যান্ড। এবার কিউয়িদের হারতে হয় ইংল্যান্ডের কাছে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে। ৫০ ওভারে ম্যাচ টাই থাকায় হয় সুপার ওভার। সেখানেও দুই দল সমান রান তোলে। শেষে বাউন্ডারি মারার সংখ্যার নিরিখে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।
ফলে শেষ তিনটি সংস্করণেই আয়োজকরা নিজেদের দেশের মাটিতে বিশ্বকাপ জিতেছে। ভারত এবার বিশ্বকাপ আয়োজন করছে এককভাবে। রোহিত শর্মার দল ইতিমধ্যেই বিশ্বের এক নম্বর ওডিআই দল হয়েছে। তিন ফরম্য়াটেই বিশ্বের ১ নম্বর। দুরন্ত ছন্দেও রয়েছে মেন ইন ব্লু। মাইকেল ভন তো বলেই দিয়েছেন, একমাত্র ভারতকে হারাতে পারলেই কেউ এবার কাপ জিততে পারবে।












Click it and Unblock the Notifications