ICC World Cup 2023: বিশ্বকাপে প্রথম ম্যাচে হারের হ্যাটট্রিক এড়াল পাকিস্তান, অনভিজ্ঞতায় পরাস্ত নেদারল্যান্ডস
ICC World Cup 2023: বিশ্বকাপে প্রথম ম্যাচে হারের হ্য়াটট্রিক এড়াল পাকিস্তান। নেদারল্যান্ডস হারল অনভিজ্ঞতার কারণেই। রান তাড়া করতে নেমে ডাচরা ভালোই লড়াই চালাচ্ছিল।
কিন্তু পাকিস্তান বোলাররা চেপে ধরতেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে শেষমেশ পরাজয় এড়াতে ব্যর্থ স্কট এডওয়ার্ডসের দল। বাবর আজমরা জিতলেন ৮১ রানে।

টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিল নেদারল্যান্ডস। পাকিস্তানকে ৪৯ ওভারে ২৮৬ রানে থামিয়েও দিয়েছিল।২৩.৫ ওভারে ১২০ রানে পড়ে তৃতীয় উইকেট। সেখান থেকে ৩৭.১ ওভারে স্কোর গিয়ে দাঁড়ায় ৯ উইকেটে ১৮৪। এরপর ৪১ ওভারে ২০৫ রানেই গুটিয়ে যায় ডাচদের ইনিংস।
২০০৩ সালের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে চার উইকেট নেওয়া টিম ডি লিডি ব্যাট করতে নেমে শূন্য রানে ফিরেছিলেন। কিন্তু তাঁর পুত্র টিম ডি লিডি বল হাতে চার উইকেট দখলের পর নেদারল্যান্ডসের হয়ে সর্বাধিক রান করলেন। তিনি ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৬৮ বলে ৬৭ করেন। বিক্রমজিৎ সিং করেন ৬৭ বলে ৫২।
লোগান ভান বিক ২৮ বলে ২৮ রানে অপরাজিত থাকেন। বাকিরা বলার মতো রান পাননি। হ্যারিস রউফ ৯ ওভারে ৪৩ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেন। হাসান আলি পেয়েছেন ২টি উইকেট। শাহিন শাহ আফ্রিদি, ইফতিখার আহমেদ, মহম্মদ নওয়াজ ও শাদাব খানের ঝুলিতে গিয়েছে ১টি করে উইকেট।

পাকিস্তানের হয়ে মহম্মদ রিজওয়ান ও সাউদ শাকিল দুজনেই ৬৮ রান করেছিলেন। মহম্মদ নওয়াজ ৩৯ ও শাদাব খান করেন ৩২। ডি লিডি ৬২ রানের বিনিময়ে পেয়েছেন চার উইকেট। ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল পাকিস্তান। কিন্তু আজকের জয়ে প্রথম ম্যাচে পরাজয়ের হ্যাটট্রিক এড়ালেন বাবর আজমরা। ম্যাচের সেরা হয়েছেন সাউদ শাকিল।












Click it and Unblock the Notifications