ICC World Cup 2023: বিশ্বকাপে পিতা-পুত্রের দাপট! বাস ৪ উইকেট নিলেন পাকিস্তানের বিরুদ্ধে, টিম ভেঙেছিলেন ভারতকে
ICC World Cup 2023: বিশ্বকাপ সাক্ষী থাকল এক নয়া নজিরের। পিতার পথে হেঁটে পুত্রও বিশ্বকাপের ম্যাচে নিলেন চার উইকেট। ২০০৩ সালের বিশ্বকাপে ভারতের চারটি উইকেট তুলে ম্যাচের সেরা হয়েছিলেন টিম ডি লিডি (Tim de Leede)।
২০ বছর পর আজ পাকিস্তানের চারটি উইকেট ঝুলিতে পুরলেন টিম-পুত্র বাস (Bas de Leede)। যার সুবাদে পাকিস্তান টস হেরে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভারও টিকল না। অল আউট হয়ে গেল ২৮৬ রানে।

আর কিছুদিন পরেই ২৪ বছর পূর্ণ করবেন বাস। জন্ম ১৯৯৯ সালের ১৫ নভেম্বর। তাঁর বাবা টিম ডি লিডি ২০০৩ সালের ১২ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে পার্লে চার উইকেট নিয়েছিলেন ৩৫ রান খরচ করে। টিমের বয়স এখন ৫৫। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারত সেই ম্যাচে ৪৮.৫ ওভারে ২০৪ রানে অল আউট হয়েছিল।
৯.৫ ওভার হাত ঘুরিয়ে মিডিয়াম পেসার টিম তুলে নিয়েছিলেন সচিন তেন্ডুলকর (৫২), রাহুল দ্রাবিড় (১৭), হরভজন সিং (১৩) ও জাহির খান (০)-এর উইকেট। এর পাশাপাশি দীনেশ মোঙ্গিয়া ও অনিল কুম্বলেকে রান আউট করার ক্ষেত্রেও ছিল টিম ডি লিডির অবদান। ম্যাচটি অবশ্য ভারত জিতেছিল ৬৮ রানে। জাভাগল শ্রীনাথ ও অনিল কুম্বলে চারটি করে উইকেট নিয়েছিলেন।

বাস ডি লিডিও বাবার মতোই ডানহাতি মিডিয়াম পেসার। খেলেন অলরাউন্ডার হিসেবে। আজ বাস বল করেছেন ৯ ওভার, ৬২ রানের বিনিময়ে নিলেন চার উইকেট। ৪৪তম ওভারটি করতে গিয়ে চতুর্থ ও পঞ্চম বলে পরপর ফেরান শাদাব খান ও হাসান আলিকে। ১৮৮ রানে ষষ্ঠ উইকেট পড়েছিল পাকিস্তানের। তারপর মহম্মদ নওয়াজের সঙ্গে জুটি বেঁধেছিলেন শাদাব।
শাদাব-নওয়াজের জুটি ভাঙেন ডি লিডি। ২৫২ রানেই সপ্তম ও অষ্টম উইকেটের পতন। হাসান আলি এলবিডব্লিউ হয়েছিলেন। রিভিউ নিয়েও রক্ষা পাননি। এর আগে, মহম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদকেও সাজঘরে ফেরান বাস ডি লিডি। তাঁর এদিনের পারফরম্যান্স স্বাভাবিকভাবেই মনে করাচ্ছে তাঁর বাবার কীর্তি। যখন বাসের বয়স মাত্র তিন বছর তিন মাস!
এদিকে, পাকিস্তান আজ ৪৯ ওভারে ২৮৬ রান তুলেছে। মহম্মদ রিজওয়ান ৭৫ বলে এবং সাউদ শাকিল ৫২ বলে ৬৮ রান করেন। শাদাব খান ৩২, মহম্মদ নওয়াজ ৩৯ রান করেন। বাস ডি লিড চারটি উইকেট নিয়েছেন। কলিন অ্যাকারম্যান নিয়েছেন ২টি উইকেট। ভারতীয় বংশোদ্ভূত আরিয়ান দত্তের পাশাপাশি লোগান ভান বিক ও পল ভান মিকেরেন একটি করে উইকেট নিয়েছেন।












Click it and Unblock the Notifications