ICC CWC 2023: বাবর আজম ছাড়লেন পাকিস্তানের তিন ফরম্যাটেরই অধিনায়কত্ব, বিশ্বকাপে ব্যর্থতার জেরেই বড় পদক্ষেপ
ICC CWC 2023: বিশ্বকাপে চরম ব্যর্থতার জের। দেশে ফিরেই পদত্যাগ পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। একসঙ্গে তিনটি ফরম্যাটেরই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বাবর। বিশ্বকাপে ৯টির মধ্যে মাত্র চারটি ম্যাচে জেতায় পাকিস্তান সেমিফাইনালে উঠতে পারেনি।
দলের চরম ব্যর্থতায় প্রথমে পদত্যাগ করেন নির্বাচক প্রধান ইনজামাম উল হক। বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান মর্নি মরকেল। এবার বাবরের পদত্যাগ। জানা গিয়েছে, পাকিস্তান ক্রিকেটে খোলনলচে বদলানো হতে পারে।

বাবর পদত্যাগের কথা ঘোষণা করতে বিবৃতি জারি করেছেন। তাঁর কথায়, পিসিবি থেকে ২০১৯ সালে যখন নেতৃত্ব দেওয়ার প্রস্তাব পাই সে কথা মনে পড়ছে। বিগত চার বছরে মাঠে ও মাঠের বাইরে চড়াই-উতরাইয়ের সাক্ষী থেকেছি। বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের যে গৌরব ও সম্মান রয়েছে তা অক্ষুণ্ণ রাখতে হৃদয় ও আবেগ উজাড় করে সচেষ্ট ছিলাম।
সতীর্থ, কোচ, ম্যানেজমেন্টের সম্মিলিত প্রচেষ্টাতেই পাকিস্তান বিশ্বের ১ নম্বর দল হয়েছিল বলে উল্লেখ করেন বাবর। ক্রিকেটীয় সফরে যেভাবে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের সমর্থন পেয়েছেন সেজন্য তাঁদের প্রতিও ধন্যবাদজ্ঞাপন করেছেন বিদায়ী পাক অধিনায়ক। তিনি জানান, আজ পাকিস্তানের নেতৃত্ব ছা়ড়ার সিদ্ধান্ত নিচ্ছি। সব ফরম্যাট থেকেই।
এই সিদ্ধান্তটিকে কঠিন বলেও অভিহিত করেছেন বাবর। তবে এখনই এই সিদ্ধান্ত নেওয়ার সেরা সময় বলেও জানিয়েছেন ওডিআইয়ে বিশ্বের ব্যাটারদের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা ক্রিকেটার। একইসঙ্গে তিনি জানান, নেতৃত্ব ছাড়লেও পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই খেলা চালিয়ে যেতে চান। নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান নতুন অধিনায়ক ও সতীর্থদের সঙ্গে।
একইরকম ডেডিকেশন নিয়ে তিনি দেশকে সাফল্যের রাস্তায় রাখার জন্য সর্বতোভাবে প্রয়াস চালাবেন বলেও জানিয়েছেন বাবর। অধিনায়কত্বের দায়িত্বভার দেওয়ার ক্ষেত্রে আস্থা রাখার জন্য বাবর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতি। চলতি বিশ্বকাপে বাবর ৯ ম্যাচে ৩২০ রান করেন। যা পাকিস্তানের ব্যাটারদের মধ্যে তৃতীয় সর্বাধিক। গড় ৪০, স্ট্রাইক রেট ৮২.৯০। তবে একটি ম্যাচেও শতরান করতে পারেননি।












Click it and Unblock the Notifications