ICC World Cup 2023: পাকিস্তানের প্রাক্তনদের সমালোচনায় গর্জে উঠলেন বাবর, ইডেনে বসেই দিলেন পাল্টা
ICC World Cup 2023: কাল চলতি বিশ্বকাপে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে পাকিস্তান ও ইংল্যান্ড। শেষ চারে যাওয়ার সম্ভাবনা নেই গতবারের চ্যাম্পিয়নদের। পাকিস্তান ঝুলে আছে অঙ্কের নিয়মে।
কাল ইংল্যান্ড টস জিতে ব্যাটিং নিলেই ছিটকে যাবে পাকিস্তান। কেন না, ইংল্যান্ড যদি ১০০ রান করে তাহলে তা ২.৫ ওভারে তুলতে হবে পাকিস্তানকে। আবার নিউজিল্যান্ডকে নেট রান রেটে টেক্কা দিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৮৭ রানে জিততে হবে বাবর আজমদের।

পরপর দুটি বিশ্বকাপে এমন পরিস্থিতির সামনে পাকিস্তান। ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালে যেতে শেষ ম্যাচে তাদের বাংলাদেশের বিরুদ্ধে জিততে হতো ৩১৬ রানে। কালকের ম্যাচে নামার আগে পাক অধিনায়ক বলেন, সমীকরণ মাথায় নিয়েই খেলব। পরিকল্পনার বাস্তবায়ন ঘটিয়ে টার্গেটে পৌঁছনোই লক্ষ্য। নেমেই অন্ধের মতো চালানো যায় না। প্রথম ১০ ওভার খেলে, তার পরের প্ল্যান করব।
বড় পার্টনারশিপ গড়াই লক্ষ্য বাবরের। ফখর জামান নিউজিল্যান্ড ম্যাচে যেভাবে ব্যাট করেছেন তাতে ২০-৩০ ওভার টিকলেই বড় রান তোলা সম্ভব হবে বলে মনে করছেন বাবর। মহম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদদের সেক্ষেত্রে পরিকল্পনামাফিক খেলতে সুবিধা হবে। বাবরের কথায়, একটা ম্যাচ বাকি। জেতাই লক্ষ্য। দক্ষিণ আফ্রিকা ম্যাচে আমাদের জেতা উচিত ছিল। সেটাই সমস্যা করল।
মঈন আলি, শোয়েব মালিকের মতো প্রাক্তন অধিনায়করা বাবরের সমালোচনা করছেন। তবে বাবর মানছেন না যে, অধিনায়কত্ব তাঁর ব্যাটিংয়ে প্রভাব ফেলছে। তিনি বলেন, টিভিতে বসে মতামত দেওয়া অনেক সহজ কাজ। কেউ চাইলে আমাকে সরাসরি পরামর্শ দিতে পারেন। আমার নম্বর তো সকলের কাছেই রয়েছে।
বাবর বলেন, আমি তিন বছর ধরে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছি। কখনও অধিনায়কত্ব বোঝা হচ্ছে, এমনটা মনে হয়নি। বিশ্বকাপে প্রত্যাশামতো খেলতে পারিনি। সে কারণেই নানা কথা উঠছে। তবে ক্যাপ্টেন্সি নিয়ে আমি আগেও চাপে ছিলাম না, এখনও নেই। মাঠে ফিল্ডিংয়ের সময়ও নিজের সেরাটাই দিই। ব্যাট হাতে দলকে জেতানোই লক্ষ্য থাকে।
বিশ্বকাপের পর নেতৃত্ব ছাড়বেন কিনা সেটাও স্পষ্ট করলেন না বাবর। জানালেন তাঁর যাবতীয় ফোকাস কালকের ম্যাচেই। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ হারাতেই দল আজ এই পরিস্থিতিতে বলে উপলব্ধি বাবরের। ক্রিকেটে সব কিছুই হতে পারে। ফলে সহজে হাল ছাড়তে নারাজ তিনি।
বাবর মানছেন না ১৯৯৯ সালের বিশ্বকাপের পর থেকেই বিশ্বকাপে পাকিস্তান লাগাতার খারাপ খেলছে। ভারতে প্রথমবার এসে মানিয়ে নিতেও অসুবিধা হয়নি। ভারতে যে ধরনের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন তিনি এবং তাঁর দল, তার উল্লেখ করতেও ভোলেননি পাক অধিনায়ক।












Click it and Unblock the Notifications