Aus vs SA In CWC 2023 SF: বিশ্বকাপ ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নাকি দক্ষিণ আফ্রিকা? উত্তর ইডেনে
Aus vs SA In CWC 2023 SF: নিউজিল্যান্ডকে ৭০ রানে উড়িয়ে চতুর্থবারের জন্য ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেল ভারত। রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোহিতদের প্রতিপক্ষ নির্ধারিত হবে কাল ইডেনে।
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। অজিরা বেশ চনমনে। দক্ষিণ আফ্রিকা চিন্তায় অধিনায়ককে নিয়েই।

চলতি বিশ্বকাপে লিগ পর্বের দ্বৈরথে লখনউয়ে দক্ষিণ আফ্রিকা ১৩৪ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। পারস্পরিক দ্বৈরথের নিরিখে দক্ষিণ আফ্রিকা সামান্য এগিয়ে। ১৯৯২ সালের বিশ্বকাপে দুই দল প্রথম একে অপরের বিরুদ্ধে খেলে। যার মধ্যে ৫৫টি ওডিআই জিতেছে প্রোটিয়ারা, ৫০টিতে অস্ট্রেলিয়া।
২০১৬ সালের সেপ্টেম্বর থেকে অদ্যাবধি অবধি ১৮টি সাক্ষাতে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৫টি ম্যাচে। যদিও বিশ্বকাপের নক-আউটে একবারও অজিদের হারাতে পারেনি প্রোটিয়ারা। ১৯৯৯ ও ২০০৭ সালের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই ফাইনালে গিয়েছিল অজিরা।
১৯৯৯ সালের সেমিফাইনালটি টাই হলেও ফাইনালে পৌঁছে গিয়েছিল অজিরা। সুপার সিক্সের পয়েন্ট তালিকায় প্রোটিয়াদের থেকে উপরে থাকার সুবাদে। বিশ্বকাপে পারস্পরিক সাতটি সাক্ষাতে একটি টাই ম্যাচ, এ ছাড়া দুই দলই জিতেছে তিনটি করে ম্যাচ।
কালকের ম্যাচে অস্ট্রেলিয়া মার্নাস লাবুশেন, নাকি মার্কাস স্টইনিসকে দলে রাখবে তা নিয়ে চর্চা চলছে। গ্লেন ম্যাক্সওয়েলকে বাংলাদেশ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। তিনি একাদশে ফিরবেন। মনে করা হচ্ছে, লাবুশেনকেই একাদশে রাখা হবে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা নিজের ফিটনেস নিয়ে আত্মবিশ্বাসী।
বাভুমার হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছিল। কাল টসের আগে পরিস্থিতি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি খেলতে না পারলে অধিনায়কত্ব করবেন এইডেন মার্করাম। ওপেন করবেন রিজা হেন্ডরিক্স। লুঙ্গি এনগিডির গোড়ালিতে চোট লেগেছিল। তিনি ফিট কালকের ম্যাচের জন্য। তবে তাঁর জায়গা নিতে পারেন জেরাল্ড কোয়েটজি।
ইডেনের পিচে স্পিনাররা সাফল্য পান, সেই কথা মাথায় রেখে তাবরেজ শামসিকে জুড়ে দেওয়া হতে পারে বিশ্বের ১ নম্বর ওডিআই বোলার কেশব মহারাজের সঙ্গে। মার্কো জানসেনের পরিবর্তে খেলানো হতে পারে আন্ডিল ফেহলাকওয়াইওকে। সবমিলিয়ে দুই দলের একাদশেই রদবদল হচ্ছেই।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ- কুইন্টন ডি কক (উইকেটকিপার), তেম্বা বাভুমা (অধিনায়ক) বা রিজা হেন্ডরিক্স, রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন বা আন্ডিল ফেহলাকওয়াইও, কেশব মহারাজ, কাসিগো রাবাডা, লুঙ্গি এনগিডি বা জেরাল্ড কোয়েটজি, তাবরেজ শামসি।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইনগ্লিস (উইকেটকিপার), গ্লেন ম্য়াক্সওয়েল, প্য়াট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।












Click it and Unblock the Notifications