ICC World Cup 2023: বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখল অস্ট্রেলিয়া, হারের হ্যাটট্রিকে বেকায়দায় শ্রীলঙ্কা
ICC World Cup 2023: অধিনায়ক বদলেও হারের হ্যাটট্রিক এড়াতে পারল না শ্রীলঙ্কা। আজ লখনউয়ে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে পরাস্ত করে প্রথম জয়ের মুখ দেখল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কা এদিন ৫২ রানে শেষ ৯টি উইকেট হারিয়েছিল। যার ফলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের টার্গেট ছিল ২১০ রানের। সেই লক্ষ্যে অজিরা পৌঁছে গেল ৮৮ বল বাকি থাকতেই।

৩৫.২ ওভারে অস্ট্রেলিয়া পাঁচ উইকেট খুইয়ে প্রয়োজনীয় রান তুলে ফেলে। ওডিআই কেরিয়ারের দ্বিতীয় তথা তথা বিশ্বকাপে প্রথম অর্ধশতরান হাঁকিয়ে ৫৯ বলে সর্বাধিক ৫৮ রান করেন জশ ইনগ্লিস। পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে। মিচেল মার্শ ৫১ বলে ৫২ রান করে রান আউট হন। ডেভিড ওয়ার্নার বিতর্কিত সিদ্ধান্তে লেগ বিফোর হন ৬ বলে ১১ রান করে।
স্টিভ স্মিথ ৫ বলে শূন্য রান করেন। অস্ট্রেলিয়াকে মজবুত ভিতে দাঁড় করায় ইনগ্লিস ও মার্নাস লাবুশেনের জুটি। চতুর্থ উইকেটে তাঁরা ৭৭ রান যোগ করেন। ৬০ বলে ৪০ রান করেন লাবুশেন। গ্লেন ম্যাক্সওয়েল ২১ বলে ৩১ ও মার্কাস স্টইনিস ১০ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

২টি মেডেন-সহ ৯ ওভারে ৩৮ রান দিয়ে তিন উইকেট নেন দিলশান মাদুশঙ্কা। দুনিথ ওয়েলালাগে ৯.২ ওভারে ৫৩ রান খরচ করে একটি উইকেট পেয়েছেন। এর আগে, টস জিতে ফিল্ডিং নিয়েছিল অস্ট্রেলিয়া। ২৫ ওভারে শ্রীলঙ্কার স্কোর ছিল ১ উইকেটে ১৫২। সেখান থেকে পরের ১৮.৩ ওভারে ৫৭ রান তোলার ফাঁকে ৯ উইকেট হারায় শ্রীলঙ্কা।
দাসুন শনাকা চোটের কারণে ছিটকে যাওয়ার পর আজ শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেন কুশল মেন্ডিস। শ্রীলঙ্কার হয়ে পাথুম নিসঙ্কা ৬১, কুশল পেরেরা ৭৮ ও চরিথ আসালঙ্কা ২৫ রান করেন। ১টি মেডেন-সহ ৮ ওভারে ৪৭ রান খরচ করে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা অ্যাডাম জাম্পা। তিনি বলেন, কয়েকদিন ধরে ব্যাক স্প্যাজম না ভোগালে আরও ভালো বল করতে পারতেন।
নিজের পারফরম্যান্সে খুব তৃপ্ত না হলেও উইকেট নিতে পারায় স্বস্তি পেয়েছেন জাম্পা। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স ২টি করে উইকেট নেন। গ্লেন ম্যাক্সওয়েল পেয়েছেন একটি উইকেট। শ্রীলঙ্কার বাঁহাতি ব্যাটারদের কথা মাথায় রেখে কামিন্স আস্থা রেখেছিলেন জাম্পার উপর। অস্ট্রেলিয়া পয়েন্ট তালিকার আটে উঠে এলে। নয়ে শ্রীলঙ্কা, দশে নেদারল্য়ান্ডস।
জয়ের সরণিতে ফিরে শুক্রবার বেঙ্গালুরুতে পাকিস্তান-বধের ছক কষছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা শনিবার লখনউয়ে খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications