ICC World Cup 2023: চব্বিশেই অবসর! দলের বিদায়ের পরেই একদিনের ক্রিকেটে ইতি টানলেন আফগান পেসার
দক্ষিণ আফ্রিকার কাছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারার পরই আফগানদের বিশ্বকাপ অভিযান সমাপ্ত হয়েছে। সেইসঙ্গে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন আফগানিস্তান পেসার নবীন উল হক।দলের তরুণ পেসার আগেই জানিয়েছিলেন, বিশ্বকাপ শেষ হলে তিনি আন্তর্জাতিক একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন। সেটাই করেছেন তিনি।
প্রোটিয়াদের কাছে হারের পরই আফগান দলের পেসার নবীন উল হক ওডিআই থেকে অবসর ঘোষণা করেছেন। সোশ্যাল মিডিয়া সাইটে তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়েছেন। মাত্র ২৪ বছর বয়সেই একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন নবীন।

বিদায়ী বার্তায় নবীন লিখেছেন, "আফগানিস্তানের জার্সি পরে অত্যন্ত গর্বের সঙ্গে আমি খেলেছি। প্রথম থেকে শেষ ম্যাচ পর্যন্ত একই অনুভূতি নিয়ে খেলে গিয়েছি। আমাকে শুভেচ্ছা এবং ভালোবাসায় ভরা বার্তা পাঠানোর জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই।"
একইসঙ্গে আফগান দলের এই ক্রিকেটার লিখেছেন, 'তবে নীল জার্সি গায়ে দেশের হয়ে টি২০ ক্রিকেট খেলব। ক্রিকেটার জীবনের এই পর্যায় এসে এমন একটা সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তাও এই কঠিন সিদ্ধান্তটা নিতে হল। সব রকম সাহায্য এবং সমর্থনের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। সমর্থকদের ধন্যবাদ তাঁদের অফুরন্ত ভালবাসার জন্য।''
বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজ়ি লিগ খেলেন নবীন। আইপিএল ছাড়াও তাঁকে দেখা যায় বিগ ব্যাশ লিগ, পাকিস্তান সুপার লিগ এবং লঙ্কা প্রিমিয়ার লিগে। আইপিএলে খেলেন লখনউ দলের হয়ে। ২০২৩ সালের আইপিএলে বিরাট কোহলির সঙ্গে সংঘাতে জড়ান আফগান এই তরুণ ক্রিকেটার। তাঁদের সংঘাত রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠে।
দক্ষিণ আফ্রিকার কাছে শেষ ম্যাচ হেরে গেলেও আফগানরা মাথা উঁচু করেই টুর্নামেন্ট ছাড়লেন। ৯টি ম্যাচের মধ্যে ৪টি ম্যাচ জিতেছে আফগানিস্তান। রশিদ খানদের মরিয়া লড়াই প্রশংসা আদায় করে নিয়েছে। সবথেকে বড় কথা, তারা পয়েন্ট টেবিলে ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের মতো দলের থেকে উপরে রয়েছে।
𝐄𝐱𝐩𝐫𝐞𝐬𝐬𝐢𝐧𝐠 𝐎𝐮𝐫 𝐃𝐞𝐞𝐩 𝐆𝐫𝐚𝐭𝐢𝐭𝐮𝐝𝐞 𝐟𝐨𝐫 𝐲𝐨𝐮𝐫 𝐔𝐧𝐰𝐚𝐯𝐞𝐫𝐢𝐧𝐠 𝐒𝐮𝐩𝐩𝐨𝐫𝐭! 🙏#AfghanAtalan | #CWC23 | #WarzaMaidanGata pic.twitter.com/US4YzFoTul
— Afghanistan Cricket Board (@ACBofficials) November 10, 2023
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে আফগানরা বিদায় নিলেও ২২ গজে তাঁদের লড়াই যে চিরস্মরণীয় হয়ে থাকবে, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। তাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিটও নিশ্চিত করেছে। বিদায়বেলায় ভারতকে ধন্যবাদও জানিয়েছেন রশিদ খানরা।












Click it and Unblock the Notifications