ICC World Cup 2023: বিশ্বকাপে অঘটন! ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয় আফগানিস্তানের, দাপট স্পিনারদের
ICC World Cup 2023: চলতি বিশ্বকাপের প্রথম অঘটনটি ঘটাল আফগানিস্তান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারিয়ে। ২০১৫ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে একমাত্র জয় পেয়েছিল আফগানিস্তান।
২০১৯ সালে একটি ম্যাচেও জিততে পারেনি। অবশেষে আজ বিশ্বকাপের আসরে নিজেদের দ্বিতীয় জয়টি আফগানরা ছিনিয়ে নিল গতবারের চ্যাম্পিয়নদের ৬৯ রানে উড়িয়ে।

ইংল্যান্ডের সামনে ২৮৫ রানের টার্গেট ছিল। শুরু থেকেই আফগানিস্তান বোলাররা চাপ বজায় রেখে জস বাটলারের দলের কাজ কঠিন করে দেন। ২০.৪ ওভারে ১১৭ রান ওঠার ফাঁকেই সাজঘরে ফিরে যায় ইংল্যান্ডের অর্ধেক ব্যাটিং লাইন আপ। জনি বেয়ারস্টো ২, ডেভিড মালান ৩২, জো রুট ১১, জস বাটলার ৯ ও লিয়াম লিভিংস্টোন ১০ রান করে আউট হন।
স্যাম কারান ১০, ক্রিস ওকস ৯ ও আদিল রশিদ ২০ রান করেন। ইংল্যান্ডের হয়ে ৬১ বলে সর্বাধিক ৬৬ রান করেন হ্যারি ব্রুক। সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে। ১টি মেডেন-সহ ১০ ওভারে ৫১ রান দিয়ে তিন উইকেট নেন মুজিব উর রহমান।

মার্ক উড ২২ বলে ব্যক্তিগত ১৮ রানে রশিদ খানের বলে বোল্ড হতেই নয়া লজ্জার নজিরের সম্মুখীন হলো ইংল্যান্ড। রশিদ খান ৯.৩ ওভারে ১টি মেডেন-সহ ৩৭ রানের বিনিময়ে তিন উইকেট দখল করেন। মহম্মদ নবি ৬ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। ফলে স্পিনারদের ঝুলিতে ৮ উইকেট। নবীন উল হক ও ফজলহক ফারুকি ১টি করে উইকেট নেন।
আফগানিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড ৪০.৩ ওভারে ২১৫ রানে গুটিয়ে গেল। ফলে ৬৯ রানে ম্যাচ জিতল আফগানিস্তান। অস্ট্রেলিয়া চলে গেল পয়েন্ট তালিকার দশ নম্বরে। ভারতের বিরুদ্ধে বিরাট হারের পর ঘুরে দাঁড়াল আফগানিস্তান। পাঁচে থাকা ইংল্যান্ডের পরেই, ষষ্ঠ স্থানে উঠে এলো আফগানিস্তান। দুই দলের ৩ ম্যাচে ২ পয়েন্ট।
আফগানদের নেট রান রেট মাইনাস (-) ০.৬৫২। ইংল্যান্ডের নেট রান রেট মাইনাস (-) ০.০৮৪। বুধবার চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে আফগানিস্তান। শনিবার মুম্বইয়ে ইংল্যান্ডের পরবর্তী প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
এদিন টস জিতে ফিল্ডিং নিয়েছিল ইংল্যান্ড। আফগানিস্তান ৪৯.৫ ওভারে ২৮৪ রানে অল আউট হয়ে যায়। রহমানুল্লাহ গুরবাজ ৮০, ইকরাম আলিখিল ৫৮ রান করেন। রশিদ খান ২৩, মুজিব উর রহমান ২৮ রান করে দলকে ভালো জায়গায় পৌঁছতে সহায়তা করেন। ৪২ রানে তিন উইকেট নেন আদিল রশিদ। মার্ক উড ২টি, রিস টপলি, লিয়াম লিভিংস্টোন ও জো রুট ১টি করে উইকেট নেন।












Click it and Unblock the Notifications