হারার যন্ত্রণা মনে রেখেই বিশ্বকাপ জিততে মুখিয়ে ভারত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে একাদশে পরিবর্তন?
মহিলাদের ক্রিকেট কাল পাবে ৫০ ওভারে নতুন বিশ্বচ্যাম্পিয়নের। নভি মুম্বইয়ে ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেমিফাইনালে রেকর্ড রান সফলভাবে তাড়া করে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে।
চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতকে হারতে হয়েছিল। বিশাখাপত্তনমে ৭ বল বাকি থাকতে ৩ উইকেটে। তবে ফাইনালে হবে অন্য লড়াই।

৫০ ওভারের ফরম্যাটে সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এ ছাড়া এই খেতাব জিতেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা এই প্রথমবার ফাইনালে উঠেছে। ভারত ২০০৫ ও ২০১৭ সালে ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি। তিনবার ফাইনালে উঠে একবারও খেতাব জেতেনি কোনও দল, এমনটা আজ অবধি হয়নি।
মহিলা বিশ্বকাপে শেষ তিনটি সাক্ষাতে ভারত অবশ্য দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি। ফাইনালে আগের দিন, অর্থাৎ আজ ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর সাংবাদিকদের বলেন, "আমরা হারের অনুভূতি জানি। কিন্তু আমরা জেতার অনুভূতি কেমন হয়, তা দেখতে উন্মুখ। আশা করি আগামীকাল আমাদের জন্য একটি বিশেষ দিন হবে। আমরা অনেক কঠোর পরিশ্রম করেছি এবং আগামীকাল দলের জন্য সবকিছু উজাড় করে দেওয়ার সময় এসেছে।"
তিনি আরও যোগ করেন, "আমরা সব সময় বলি, যখন আমরা উপভোগ করি এবং নিজেদের সেরাটা দিই, তখন আমরা ইতিবাচক ফল পাই। আমার এবং পুরো দলের জন্য এটি একটি গর্বের মুহূর্ত, এবং আমি নিশ্চিত যে গত দুটি ম্যাচে আমাদের খেলার ধরন দেখে পুরো দেশও খুব গর্বিত।"
নিজের দলকে অনুপ্রাণিত করার বিষয়ে প্রশ্ন করা হলে হরমনপ্রীত বলেন, "যখন আপনি বিশ্বকাপের ফাইনালের মতো একটি পর্যায়ে থাকেন, তখন এর চেয়ে বড় অনুপ্রেরণা আর কিছু হতে পারে না। দল উজ্জীবিত, খেলোয়াড়রা একে অপরকে সমর্থন করছেন এবং এটি দেখায় যে তাঁরা কতটা একজোট এবং এই ম্যাচের জন্য কতটা প্রস্তুত। আমরা অনেক আগে থেকেই জানতাম বিশ্বকাপ ভারতেই হচ্ছে এবং এখন ১০০ শতাংশ দেওয়ার পালা। আমরা অস্ট্রেলিয়াকে অনেক বছর ধরে বিশ্ব ক্রিকেটে আধিপত্য বিস্তার করতে দেখেছি এবং ইংল্যান্ডও সেই পর্যায়ে ছিল। এবারের উত্তেজনাটা অবশ্য ভিন্ন।"
ফাইনালে রিজার্ভ ডে রয়েছে। ফলে কাল বৃষ্টি ব্যাঘাত ঘটালে খেলা গড়াতে পারে সোমবারে। ভারতীয় দল উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে। তবে দক্ষিণ আফ্রিকা দলে কোনও বাঁহাতি ব্যাটার না থাকায় রাধা যাদবের জায়গায় স্নেহ রানাকে দলে নিয়ে ব্যাটিং গভীরতা বাড়াতে পারেন হরমনপ্রীতরা। এমনিতে ভারতীয় দলে আট নম্বর অবধি ব্যাটার থাকা এবং ছয় বোলারের উপস্থিতি দলের ভারসাম্যকে ভালো জায়গায় রেখেছে।
ভারতের সম্ভাব্য দল- স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, জেমাইমা রডরিগেজ, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), আমনজ্যোৎ কৌর, রাধা যাদব বা স্নেহ রানা, ক্রান্তি গৌড়, শ্রী চরণী, রেণুকা সিং।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য দল- লরা উলভার্ট (অধিনায়ক), তাজমিন ব্রিটস, আনেকে বশ বা মাসাবাতা ক্লাস, সুন লুস, মারিজান কাপ, সিনালো জাফতা, আনেরি ডার্কসেন, ক্লোয় ট্রায়ন, নাদিন ডি ক্লার্ক, আয়াবঙ্গা খাকা, ননকুলুলেকো ম্লাবা।












Click it and Unblock the Notifications