বিশ্বকাপে ভারতের বড় ম্যাচ পাবে ইডেন? পাকিস্তানের খেলাগুলি কোথায় হওয়ার সম্ভাবনা বেশি?
আইসিসি বিশ্বকাপের ক্রীড়াসূচি ঘোষণা করা হবে আইপিএলের পরেই। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য সংস্থার তরফে বোর্ডের কাছে পছন্দসই ম্যাচ আয়োজনের তালিকা পাঠানো হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই। গুরুত্ব দেওয়া হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের ইচ্ছাকেও।
পাকিস্তান বিশ্বকাপ খেলতে আসবে বলে আইসিসি সূত্রকে উল্লেখ করে দাবি জানিয়েছে ক্রিকবাজ। তবে পাকিস্তানের ম্যাচ কলকাতায় হওয়ার সম্ভাবনা কম বলেই জানা যাচ্ছে। দক্ষিণ ভারতের শহরগুলির পাশাপাশি আমেদাবাদে খেলবে পাকিস্তান।

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ ১৫ অক্টোবর হওয়ার কথা। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তা আয়োজনের পরিকল্পনা বিসিসিআইয়ের। এশিয়া কাপ নিয়ে চাপানউতোর চলাকালীন পাকিস্তানের ক্রিকেট মহলে ভাসিয়ে দেওয়া হয়েছিল, পাকিস্তান থেকে এশিয়া কাপ সরলে পাকিস্তানও আমেদাবাদে খেলবে না।
মুখ বাঁচানোর তাগিদে দুবাইয়ে আইসিসি দফতরে সম্প্রতি দরবার শুরু করেছেন পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি। পিসিবি চেয়ারম্যান অনুরোধ করেছেন, ভারত-পাকিস্তান ম্যাচটি যাতে আমেদাবাদে না হয়। তবে পাকিস্তান ফাইনালে উঠলে আমেদাবাদে বাবর আজমদের খেলায় কোনও আপত্তি নেই
ভারত-পাকিস্তান ম্যাচ তো বটেই, আমেদাবাদে বিশ্বকাপ ফাইনাল খেলতেও পাকিস্তানের আপত্তি নেই বলে ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, পাকিস্তানের ম্যাচগুলি হতে পারে আমেদাবাদ, হায়দরাবাদ, চেন্নাই ও বেঙ্গালুরুতে। আয়োজক হিসেবে ট্র্যাক রেকর্ড ও দর্শক-সমর্থনের নিরিখে চেন্নাই কয়েকটি বেশি ম্যাচ পেতে পারে।
আমেদাবাদ, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরুর পাশাপাশি কলকাতা, দিল্লি, ইন্দোর, ধরমশালা, গুয়াহাটি, রাজকোট, রায়পুর ও মুম্বইয়ে বিশ্বকাপের ম্যাচগুলি হবে। মোহালি ও নাগপুর বিশ্বকাপের ম্যাচ পাচ্ছে না। ওয়াংখেড়েতে একটি সেমিফাইনাল হবে বলেও ঠিক রয়েছে।
ইডেনে ভালো ম্যাচ আনার জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছেন আইপিএল গভর্নিং কাউন্সিল সদস্য অভিষেক ডালমিয়া। বাংলাদেশের কয়েকটি ম্যাচ ইডেনে হতে পারে বলে জানা যাচ্ছে। ভারতের ৯টি ম্যাচ ৯টি আলাদা স্টেডিয়ামে থাকতে পারে। ইডেনে ভারতের অন্তত একটি ম্যাচ হবে বলে আশাবাদী সিএবি কর্তারা।
সূত্রের খবর, ভারতীয় দলের তরফে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দেশগুলির বিরুদ্ধে ম্যাচ স্পিন সহায়ক উইকেট আছে এমন স্টেডিয়ামে দেওয়ার অনুরোধ করা হয়েছে। সে কারণে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চেন্নাইয়ে হবে বলে খবর। আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে সেটি কোথায় হয় সেদিকে সকলের নজর।
১০টি দলকে নিয়ে ৪৮ দলের বিশ্বকাপ হবে অক্টোবর-নভেম্বর। ১৯ নভেম্বর ফাইনাল হওয়ার কথা আমেদাবাদে। বিশ্বকাপ শুরু হতে পারে অক্টোবরের ৫ তারিখ। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ সরাসরি পৌঁছে গিয়েছে বিশ্বকাপের মূলপর্বে। বাকি দুটি দল আসবে যোগ্যতা অর্জনকারী পর্ব খেলে।
জুন-জুলাইয়ে জিম্বাবোয়েতে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের খেলাগুলি হবে। সেই টুর্নামেন্টে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নেপাল, ওমান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহী ও জিম্বাবোয়ে।












Click it and Unblock the Notifications