ICC Under-19 World Cup 2024: আরশিনের শতরানে USA চূর্ণ, অপরাজেয় ভারতের সুপার সিক্সে কবে কোন ম্যাচ?
ICC Under-19 World Cup 2024: অপরাজেয় থেকেই আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সুপার সিক্সে পৌঁছে গেল ভারত। আজ ব্লুম্ফনটিনে মার্কিন যুক্তরাষ্ট্রকে ২০১ রানে হারাল উদয় সাহারানের নেতৃত্বাধীন দল।
ওপেনার আরশিন কুলকার্নি আটটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১১৮ বলে ১০৮ রান করেন। ম্য়াচের সেরার পুরস্কারটিও তিনিই পেয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল। নির্ধারিত ৫০ ওভারে ভারত তোলে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান। আরশিনের শতরানের পাশাপাশি দুরন্ত অর্ধশতরান উপহার দেন আগের ম্যাচেই শতরানকারী মুশির খান। সরফরাজ খানের ভাই তিনে নেমে ৭৬ বলে ৭৩ রান করেন, ৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে।
অধিনায়ক উদয় ৩৫, প্রিয়াংশু মোলিয়া অপরাজিত ২৭, ওপেনার আদর্শ সিং ২৫, সচিন ধাস ২০ ও আরাবেল্লী অবনীশ অপরাজিত ১২ রান করেছেন। ২০টি ওয়াইড-সহ ২৬ রান অতিরিক্ত দেন মার্কিন বোলাররা। অতীন্দ্র সুব্রহ্মণ্যম ৪৫ রান দিয়ে দুটি উইকেট নেনষ আর্য গর্গ, আরিন নাদকার্নি ও ঋষি রমেশ পান ১টি করে উইকেট।
জবাবে খেলতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ১২৫ রান তোলে মার্কিন যুক্তরাষ্ট্র। উৎকর্ষ শ্রীবাস্তব করেন ৪০ রান। অমোঘ আরেপল্লী ২৭ রানে অপরাজিত থাকেন। ২০ রান দিয়ে চার উইকেট নেন নমন তিওয়ারি। রাজ লিম্বানি, সাউমি পাণ্ডে, মুরুগান অভিষেক ও প্রিয়াংশু মোলিয়া ১টি করে উইকেট নেন। ভারতের ৮ জন এদিন বোলিং করেন।
ভারত বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশকে ৮৪ রানে হারিয়ে। এরপর আয়ারল্যান্ডকে ২০১ রানেই হারিয়েছিল। আজও জয়ের ব্যবধান ২০১ রান। সুপার সিক্সে ভারতের প্রথম ম্য়াচ মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এরপর ২ ফেব্রুয়ারি রয়েছে নেপালের বিরুদ্ধে ম্যাচ।












Click it and Unblock the Notifications