বিগত কয়েক বছর ধরেই আন্তজার্তিক ক্রিকেটে অন্যতম বিতর্কিত একটি বিষয় সফট সিগন্যাল। এই নিয়ম নিয়ে বার বার প্রশ্নের মুখে পড়তে হয়েছে আইসিসিকে। অবশেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচেই সফট সিগন্যাল নিয়মের বিদায় ঘটতে চলেছে।
ক্রিকবাজের খবর অনুযায়ী আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ গঙ্গোপাধ্যায় সফট সিগন্যাল বাতিলের অনুমোদন দিয়েছেন। আইসিসিকে সফট সিগন্যাল বাতিল করার সিদ্ধান্ত নিতে হয়েছে কারণ অনেক ক্রিকেটার এটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন ।সরকারিভাবে ঘোষণা না হলেও মনে করা হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই বাতিলের খাতায় ফেলা হবে এই বিতর্কিত নিয়মকে।
সফট সিগন্যাল আসলে কী? এটি মূলত ক্লোজ ক্যাচ সম্পর্কিত একটি নিয়ম। মানে যখন মাঠের আম্পায়ার ক্যাচ সম্পর্কে নিশ্চিত না হন, তখন তিনি তৃতীয় আম্পায়ারকে পরীক্ষা করতে বলেন। তবে এর আগে মাঠে থাকা দ্বিতীয় আম্পায়ারকে তাঁর সিদ্ধান্ত জানাতে হবে। সহকর্মী আম্পায়ারের সঙ্গে কথা বলার পর তিনি যে সিদ্ধান্ত দেন তাঁকে বলা হয় সফট সিগন্যাল।
তৃতীয় আম্পায়ার তারপর বিভিন্ন কোন থেকে ভিডিও ফুটেজে খতিয়ে দেখে বিচার করে চূড়ান্ত রায় দেন । এই পরিবর্তনের ফলে কোনও ক্যাচ নিয়ে সংশয় থাকলে তৃতীয় আম্পায়ারের রায়ই চূড়ান্ত বলে ধরা হবে।কিন্তু আন্তাজার্তিক ম্যাচ এমন বহু উদাহরণ আছে যেখানে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি দলগুলিও খুশি হতে পারেননি। ফলে নিয়মের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এই পরিস্থিতিতে সফট সিগন্যাল নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে আইসিসির ক্রিকেট কমিটি। শেষ পর্যন্ত বিতর্কের অবসান হয়ে বিদায় নিচ্ছে সফট সিগন্যাল।
এই নিয়মে বিতর্ক হয় বলে দুই বছর আগেই তা বাতিল করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তাছাড়া গত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে এটি বিতর্কের জন্ম দিয়েছে। আগামী ৭ জুন থেকে ওভালে বসছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর। মুখোমুখি হচ্ছে ভারত অস্ট্রেলিয়া।