New Rule In Cricket: সৌরভ-পন্টিংদের সুপারিশের প্রভাব, আন্তর্জাতিক ক্রিকেটে কড়া নিয়ম চালু আইসিসির
New Rule In Cricket: আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নিয়ম চালু করতে চলেছে আইসিসি। আপাতত পাঁচ মাসের জন্য পরীক্ষামূলকভাবে। ডিসেম্বর থেকেই গুরুত্ব বেড়ে যাবে স্টপ ক্লক বা স্টপওয়াচের।
পুরুষদের একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিকে সময় নষ্টের দিন শেষ করতেই এই বড় পদক্ষেপ আইসিসির।

আইসিসির তরফে জারি করা বিবৃতিতে লেখা হয়েছে, চিফ এগজিকিউটিভ কমিটি সম্মত হয়েছে ট্রায়াল বেসিসে স্টপ কক চালু করা হবে। আগামী ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। দুটি ওভারের মধ্যে যে সময় বরাদ্দ থাকে তার থেকে বেশি সময় যাতে দলগুলি না নেয় সেটা সুনিশ্চিত করাই লক্ষ্য। রাখা হচ্ছে শাস্তির কোপও।
আইসিসি জানিয়েছে, যদি এমন হয় যে বোলিং করার সময় কোনও দল একটি ওভার শেষের পর ১ মিনিটের মধ্যে পরের ওভার শুরু করেনি, তাহলে তিনবার এই ঘটনা ঘটলে পাঁচ রান পেয়ে যাবে ব্যাটিং করতে থাকা দল। পুরুষদের সাদা বলের ক্রিকেটে এই নিয়ম আপাতত চালু হলেও অন্য কোনও বিভাগে চালু হচ্ছে না আপাতত।
গত বছর স্লো ওভার রেটের জন্য শাস্তির নয়া বিধান জারি করেছিল আইসিসি। সেই মোতাবেক যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও দল পুরো ওভার করতে না পারে তাহলে নির্ধারিত সময়ের পরই একজন ফিল্ডারকে তিরিশ গজ বৃত্তের ভিতর নিয়ে আসতে হবে। বাকি ওভারগুলিতে এভাবেই চলবে। কতটা সময় নষ্ট হচ্ছে তা হিসেব করার আম্পায়ারদের কাছে টাইমার রাখা থাকে।
অন-ফিল্ড আম্পায়াররা সেইমতো জানান ম্যাচ অফিসিয়ালদের। পুরুষ ও মহিলাদের টি ২০ ও ওডিআইয়ে এই নিয়ম প্রযোজ্য। টি ২০ আন্তর্জাতিকে গত জানুয়ারিতে এবং গত জুন-জুলাইয়ে বিশ্বকাপ কোয়ালিফায়ার চলাকালীন ওডিআইয়ে এই নিয়ম প্রযোজ্য হয়েছিল। এ ছাড়া স্লো ওভার রেটের ফাঁদে পড়লে সংশ্লিষ্ট দলের অধিনায়ক ও দলের বাকিদের আর্থিক জরিমানাও হয়।
টেনিসে শট ক্লক থাকে। একটা পয়েন্ট পাওয়ার পরের সার্ভের মধ্যে ২৫ সেকেন্ড সময় পান প্লেয়ার। ২০১৮ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিং, কুমার সঙ্গকারাদের এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি স্লো ওভার রেটের সমস্যা দূর করতে টেনিসের মতো শট ক্লক পন্থা প্রয়োগের সুপারিশ করেছিল। তার এতদিন পর আইসিসি অনেকটা সেই পথেই হাঁটল।
এদিকে, আইসিসি জানিয়ে দিয়েছে ট্রান্সজেন্ডাররা আর মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে পারবেন না। আইসিসির প্যানেলে থাকা মহিলা আম্পায়াররা পুরুষ আম্পায়ারদের সম বেতন পাবেন বলেও সিদ্ধান্ত আইসিসির। আগামী জানুয়ারি থেকে আইসিসির অধীনস্থ মহিলাদের সমস্ত চ্যাম্পিয়নশিপে একজন করে নিরপেক্ষ আম্পায়ার রাখা হবে।












Click it and Unblock the Notifications