করোনা আবহে ভারত থেকে টি ২০ বিশ্বকাপ সরানোর দাবি হাসির
ইয়ান চ্যাপেলের পর এবার মাইক হাসি। অস্ট্রেলিয়ার আরও এক প্রাক্তন এবার ভারত থেকে টি ২০ বিশ্বকাপ অন্যত্র সরানোর পক্ষে সওয়াল করলেন। আইপিএল বায়ো বাবলে করোনা আক্রান্ত হওয়ার পর চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি সদ্য দেশে ফিরেছেন।

হাসির কথা
সিডনিতে পৌঁছে এখন নিভৃতবাসে রয়েছেন মাইক হাসি। ভারত থেকে অক্টোবরে অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপ অন্যত্র সরানোর পক্ষে সওয়াল করে সিডনিতে দাঁড়িয়ে ফক্স ক্রিকেটকে তিনি বলেন, ভারতে টি যা করোনা পরিস্থিতি তাতে টি ২০ বিশ্বকাপ খেলা খুবই কঠিন ব্যাপার হবে। আইপিএলে আটটি দল ছিল। টি ২০ বিশ্বকাপ খেলতে অনেক বেশি দেশ ভারতে যাবে।

বিকল্প দেশ
মাইক হাসির কথায়, টি ২০ বিশ্বকাপ অনেক বেশি সংখ্যক শহরে খেলা হবে। আর যত বেশি শহরে খেলা হবে তত সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকেই যায়। আমার ধারণা বিশ্বের অনেক দেশই ভারতে টি ২০ বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে নার্ভাস রয়েছে। এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরশাহীতে টি ২০ বিশ্বকাপ আয়োজন করা যেতেই পারে।

বিসিসিআই আশাবাদী
১ জুন আইসিসির বৈঠকে টি ২০ বিশ্বকাপের বিষয়টি নিয়ে আলোচনা হবে। তার আগে বিসিসিআই স্পেশ্যাল জেনারেল মিটিং ডেকেছে ২৯ মে। যে ৯টি শহরে বিশ্বকাপ আয়োজন করার কথা সবাইকে বলা হয়েছে অতিমারি পরিস্থিতিতে প্রস্তুতি চালিয়ে যেতে। সংযুক্ত আরব আমিরশাহী ভাবনায় থাকলেও ভারতে বিশ্বকাপ আয়োজন করার ব্যাপারে শেষ অবধি অপেক্ষা করতে চাইছে বিসিসিআই। ফলে ১ জুন আইসিসির বৈঠকে ভারত থেকে বিশ্বকাপ সরানোর সিদ্ধান্ত যে হবে না, সেটা পরিষ্কার।

করোনা কাটিয়ে
আইপিএল চলাকালীন বায়ো বাবলের ভিতরেই মাইক হাসি, সিএসকে বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি ও এক বাসকর্মী করোনা আক্রান্ত হন। এরপর হাসি ও বালাজিকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে চেন্নাই নিয়ে যাওয়া হয়। সেখানে সপ্তাহ দুয়েক কাটিয়ে দেশে ফিরেছেন হাসি। তিনি বলেন, আমার কিছু উপসর্গ ছিল। শরীর ভালো লাগছিল না। কিন্তু প্রাণ সংশয়ের আশঙ্কা বা তেমন কিছুই অনুভব করিনি। আমি বাসে বালাজির পাশেই বসতাম। তাই যখন বালাজির রিপোর্ট পজিটিভ আসে এবং আমিও কিছু উপসর্গ বোধ করতে শুরু করি, তখনই মনে মনে প্রস্তুত ছিলাম আমারও রিপোর্ট পজিটিভ আসবে এবং সেটাই হয়।












Click it and Unblock the Notifications