ICC T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, মার্কিন যুক্তরাষ্ট্রের কোথায় হবে ম্যাচগুলি?
দুয়ারে একদিনের বিশ্বকাপ, কয়েক সপ্তাহ পরেই ভারতের মাটিতে বসতে চলেছে বিশ্ব ক্রিকেটের মেগা আসর। এরইমধ্যে প্রকাশ্যে এল টি২০ বিশ্বকাপের বড় আপডেট। আগামী বছর মার্কিন মুলুকের কোন তিনটি ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচ তা ঘোষণা করে দিল আইসিসি।২০২৪ সালের ৪ থেকে ৩০ জুন পর্যন্ত আয়োজিত হবে ২০ ওভারের বিশ্বযুদ্ধ।
আগামী বছর অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যৌথ ভাবে আয়োজন করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। মার্কিন যুক্তরাষ্ট্রে এ বারের প্রথম ক্রিকেটের বড় কোনও আসর বসতে চলেছে। দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসছে আইসিসির কোনও বড় টুর্নামেন্ট। অন্যদিকে এই প্রথমবার আমেরিকায় বসছে ক্রিকেট বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট।

আইসিসির পক্ষ থেকে আমেরিকার তিনটি মাঠকে বিশ্বকাপের মূল ম্যাচ গুলির জন্য বেছে নেওয়া হয়েছে। ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ দেওয়া হয়েছে। ফ্লোরিডায় সদ্য ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুটি টি-টোয়েন্টি হয়েছে। সেই মাঠেও স্থান পেয়েছে বিশ্বকাপের ভেন্যু হিসাবে। এ ছাড়া বিশ্বকাপের ম্যাচ হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে।
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে অবস্থিত আইজেনহাওয়ার পার্কে ৩৪ হাজার আসনের একটি মডিউলার স্টেডিয়াম নির্মাণের জন্য একটি চুক্তি হয়েছে। প্রাক-অনুষ্ঠান ম্যাচ এবং অনুশীলনের জন্য আরও কয়েকটি সম্ভাব্য ভেন্যু চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ওয়াশিংটনের জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়, যা মেজর লিগ ক্রিকেট (এমএলসি) দল ওয়াশিংটন ফ্রিডমের হোম গ্রাউন্ড।

আইসিসি-র চিফ এক্সিকিউটিভ জিওফ অ্যালারডাইস বলছেন, '২০২৪সালে আইসিসি সবচেয়ে বড় টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। অংশ নেবে ২০টি দল। কৌশলগত ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বিশ্বকাপের গুরুত্ব রয়েছে। এই ভেন্যুগুলিতে বিশ্বকাপ আয়োজন করে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মঞ্চে বার্তা দেওয়া যাবে। আমরা একাধিক সম্ভাব্য ভেন্যু দেখেছি এই দেশে। আয়োজকদের উদ্দীপনায় আমরা মোহিত। ক্রিকেটের বিশাল ফ্যানবেসের বেড়েই চলেছে।'

২০২২ সালে অস্ট্রেলিয়াতে টি২০ বিশ্বকাপ আয়োজিত হয়েছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড দল।
অন্যদিকে একটি ক্রীড়া ওয়েবসাইডের খবর অনুসারে ২০২৫ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি২০ ফর্ম্যাটেই। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল প্রস্তুত করার জন্য টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপের ফর্ম্যাটে পরিবর্তন করতে চলেছে। উল্লেখ্য, ওই বছর বা আগামী বছর যে বিশ্বকাপই আয়োজন করা হোক না কেন, এশিয়া কাপ একই ফরম্যাটে পরিণত হয়।












Click it and Unblock the Notifications