পাকিস্তানের চাপ তৈরির ফন্দি ধোপে টিকল না, বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচের সম্ভাবনা ওড়াল আইসিসি
বিশ্বকাপের ম্যাচ পাকিস্তান খেলবে বাংলাদেশে। তা নিয়ে আইসিসি বোর্ড মিটিংয়ের ফাঁকে কথা হয়েছে। এ নিয়ে আলোচনা চলছে আইসিসিতে। ভারতে বিশ্বকাপ খেলতে পাকিস্তান দল পাঠাবে না। পাক সংবাদমাধ্যমে এমনই দাবি করেছিলেন পিসিবির প্রাক্তন সিইও। যদিও তা ভিত্তিহীন বলেই দাবি করছে আইসিসি।

পাকিস্তান কোণঠাসা
সংবাদসংস্থা পিটিআই আইসিসি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, এ সব আকাশকুসুম কল্পনা! এমন কোনও আলোচনাই হয়নি। এমনকী দুবাইয়ে এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজম শেঠির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপনের কথা হয়েছে বলেও কেউ জানেন না। তবে পাকিস্তান বিশ্বকাপের ম্যাচগুলি ভারতে না খেলে বাংলাদেশে খেলবে এমন কোনও আলোচনা সরকারিভাবেও আইসিসিতে হয়নি।

ভারত বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত
আইসিসি-র সূত্রের দাবি, ভারতে পাকিস্তানের ক্রিকেটারদের প্রবেশের ব্যাপারে ভিসার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিসিসিআই জানিয়েছেন, ভিসা পেতে কোনও অসুবিধা হবে না। সবরকম সহযোগিতাই প্রদান করা হবে। আয়োজক দেশের দায়িত্ব থাকে সব দেশ যেন সঠিক সময়ে ভিসা পায়। এমনকী ভারতের সঙ্গে একযোগে বাংলাদেশ বিশ্বকাপ আয়োজন করবে, এমন প্রসঙ্গ নিয়ে আলোচনা দূরে থাক, তা ভাবাই হয়নি। ধরা যাক, পাকিস্তান সেমিফাইনাল বা ফাইনালে উঠল। সেই ম্য়াচগুলি বাংলাদেশে হবে, এই ভাবনাই তো অবাস্তব। বিশ্বকাপ আয়োজন কোনও অবান্তর নাটক নয়।

চাপ তৈরির চেষ্টা ব্যর্থ পিসিবির
পাকিস্তান সংবাদমাধ্যম থেকে ছড়িয়ে পড়া খবরে পাত্তা দিচ্ছে না বিসিসিআই। বিসিসিআইয়ের সূত্রকে উদ্ধৃত করা বলা হয়েছে, আমরা বুঝতে পারছি এশিয়া কাপ পাকিস্তানে পুরোটা আয়োজনের জন্য পিসিসি পাল্টা চাপের কৌশল নিয়েছে। কিন্তু লিখে রাখুন এশিয়া কাপও সংযুক্ত আরব আমিরশাহী বা ওমানে হবে। পাকিস্তানকে শেষ অবধি নিজেদের ম্যাচও অন্য দেশেই খেলতে হবে।

এশিয়া কাপ পাকিস্তানে হবে না?
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি তথা বিসিসিআই সচিব আগেই জানিয়েছেন, এশিয়া কাপ খেলতে ভারত যাবে না পাকিস্তানে। বিসিসিআইয়ের সূত্রের দাবি, এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইতিমধ্যেই এশিয়া কাপের বাজেট তৈরি করেছে। এখন এসিসি যদি মনে করে দুটি দেশে এশিয়া কাপ আয়োজন বাণিজ্যিকভাবেও ফলদায়ক নয়, সেক্ষেত্রে পাকিস্তান কী করবে? এশিয়ান ক্রিকেট কাউন্সিল বাজেট বরাদ্দ না বাড়ালে পাকিস্তানে তো এশিয়া কাপই হবে না। উল্লেখ্য, সেপ্টেম্বরে এশিয়া কাপ। অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ। কিন্তু এশিয়া কাপ নিয়ে বিসিসিআই ও পিসিবির মধ্যে যে লড়াই চলছে সে কারণেই দুই টুর্নামেন্টের সূচি প্রকাশ ঝুলে রয়েছে।












Click it and Unblock the Notifications