বাংলাদেশের জায়গা নিতে চলেছে স্কটল্যান্ড, ইডেনে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি দেখে সন্তুষ্ট আইসিসি
টি২০ বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ পড়েছে কলকাতায়, একটি মুম্বইয়ে। কিন্তু নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ।
এই অবস্থায় বাংলাদেশকে বাদ দিয়েই টি২০ বিশ্বকাপ হতে চলেছে। খেলার সুযোগ পাবে স্কটল্যান্ড। এদিনই ইডেন গার্ডেন্স পরিদর্শনের পর ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করল আইসিসির প্রতিনিধিদল।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। আজ আইসিসি ও বিসিসিআই-এর একটি যৌথ পরিদর্শক দল ইডেনের মাঠ, কর্পোরেট বক্স-সহ বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা একটি সফল বিশ্বকাপ আয়োজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
ইডেন গার্ডেন্সে উদ্বোধনী দিনের একটি-সহ মোট পাঁচটি গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ছাড়াও একটি সুপার এইট ও শর্তসাপেক্ষ একটি সেমিফাইনাল আয়োজনেরও কথা রয়েছে। পাকিস্তানের ম্যাচ কলম্বোতে নির্ধারিত, তাই তারা শেষ চারে না পৌঁছালে সেমিফাইনালটি এখানে হবে।
আজ বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন সে দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ঠিক তখন ইডেনে ছিল আইসিসির প্রতিনিধিদল। নজরুল আইসিসির মূল্যায়নকে 'অগ্রহণযোগ্য' বলে মন্তব্য করেন। তিনি নিরাপত্তা উদ্বেগে ভারতে যেতে অনীহা প্রকাশ করেছেন। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তরের প্রস্তাব কিংবা গ্রুপ বদলের প্রস্তাব নাকচ করে দিয়েছে। স্কটল্যান্ডের টি২০ বিশ্বকাপ খেলার ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা।












Click it and Unblock the Notifications