বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার মুখ পুড়ল, টি২০ বিশ্বকাপ নিয়ে নয়া দাবি খারিজ করল আইসিসি
বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের দাবিকে "সম্পূর্ণ মিথ্যা" বলে জানিয়ে দিল আইসিসি। আজ নজরুল বলেছিলেন যে, আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য ভারত সফরে বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক উদ্বেগ আইসিসি মেনে নিয়েছে।
যদিও নজরুলের সেই দাবি খারিজ করে দিয়েছে আইসিসি। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় টি২০ বিশ্বকাপ শুরু। বাংলাদেশ ভারতে খেলতে চাইছে না নিরাপত্তার বিষয়টিকে হাতিয়ার করে। বাংলাদেশ চাইছে পাকিস্তানের মতো তাদের ম্যাচগুলিও শ্রীলঙ্কায় হোক।

বিসিসিআইয়ের নির্দেশে পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ার পরই বাংলাদেশ টালবাহানা শুরু করেছে। ঢাকায় এক সাংবাদিক বৈঠকে আসিফ নজরুল দাবি করেন, আইসিসির নিরাপত্তা দল বিসিবিকে একটি চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে তিনটি বিষয়ে দেশের নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে।
নজরুল বলেন, "এক হলো মুস্তাফিজুর বাংলাদেশ দলে থাকলে। দুই, বাংলাদেশ দলের সমর্থকরা জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করলে। এবং তৃতীয়ত, নির্বাচনী সময়ে নিরাপত্তা ঝুঁকি বাড়বে।" তবে বিসিবির সঙ্গে যোগাযোগের বিষয়টি স্বীকার করলেও আইসিসি নজরুলের দাবি পুরোপুরি অস্বীকার করেছে।
আইসিসি সূত্রের দাবি, "ভারতের নিরাপত্তা নিয়ে বিসিবি আইসিসির যোগাযোগ করেছিল। কিন্তু আসিফ নজরুলের দাবি সম্পূর্ণ মিথ্যা। আইসিসির তথ্যে মুস্তাফিজুরের নির্বাচন একটি সমস্যা হবে-এমন কিছু কখনোই বলা হয়নি। এটি সম্পূর্ণ অসত্য, আনুষ্ঠানিক যোগাযোগে এমন সতর্কবার্তা ছিল না।"












Click it and Unblock the Notifications