ICC ODI World Cup: বিশ্বকাপ হাতে রোহিত! সমর্থকদের সামনে কাপ জয়ের অঙ্গীকার ভারত অধিনায়কের
২০১৩ সালের পর থেকে ভারতের কোনও অধিনায়কের হাতে আইসিসি ট্রফি ওঠেনি। প্রতিটি আইসিসি প্রতিযোগিতায় ব্যর্থ হতে হয়েছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত, একই ছবি দেখা গিয়েছে বিগত ১০ বছরে। এ বার দেশের মাটিতে আইসিসির ট্রফির খরা কাটাতে চান রোহিতেরা।
ভারতের মাটিতে বিশ্বকাপ শুরু হতে এখনও দুই মাসের কাছাকাছি সময় বাকি আছে। তার আগে রয়েছে এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ। কিন্তু এখন থেকেই যেন টিম ইন্ডিয়ার অন্দরে ঢুকে পড়েছে বিশ্বকাপের ভাবনা, তাঁরই প্রতিধ্বনি শোনা গেল অধিনায়কের মুখে।

আইসিসির একদিনের বিশ্বকাপ ট্রফি নিয়ে একটি ফোটো সেশনে অংশ নেন হিটম্যান। সেখানে তাঁকে ট্রফি হাতেও দেখা যায় । বিশ্বকাপ ছোঁয়ার পর নিজের আবেগ গোপন করেননি হিটম্যান।
রোহিত বলেন, 'আমি এত সামনে থেকে বিশ্বকাপ ট্রফি আগে কখনও দেখিনি। যখন ২০১১ সালে ভারত বিশ্বকাপ জিতেছিল, সেই সময় আমি ভারতীয় দলের সদস্য ছিলাম না। বিশ্বকাপের ট্রফিটা সত্যিই দারুণ সুন্দর। অতীতের দিকে তাকালে দেখা যাবে, এই ট্রফির সঙ্গে প্রচুর স্মৃতিও জড়িয়ে রয়েছে। তাই আশা করছি এই বার এই সুন্দর বিশ্বকাপ ট্রফিটা জিতে আমরাও একটা দারুণ একটা ইতিহাস তৈরি করতে পারব।'
শেষ বার ২০১১ সালে দেশের মাটিতেই বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর থেকে টি টোয়েন্ট হোক বা একদিনের বিশ্বকাপ, এমনকি দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, চোকার্স তকমাই টুর্নামেন্ট থেকে প্রাপ্তি টিম ইন্ডিয়ার। তবে এবার ২০১১ সালের পুনরাবৃত্তি চাইছেন রোহিত। ঘরের মাঠে আরও এক বার কাপ জিততে চান ভারতীয় ক্রিকেটারেরা।

ঘরের মাঠে জন সমর্থন যে তাঁদের দলের বাড়তি শক্তি তা বলতে ভুল করেননি ভারত অধিনায়ক। তাঁর কথায়, 'আমি জানি বিশ্বকাপের সময় যখন দেশের একটা স্থান থেকে আর একটা স্থানে যাব, সব ভেন্যু থেকেই আমরা প্রচুর সমর্থন পাব। ১২ বছর পর যদি বিশ্বকাপ দেশে ফেরাতে পারি সেই ভাবনাটাই এখন মাথায় ঘুরছে।'
একইসঙ্গে রোহিত উল্লেখ করেন, '২০১১ সালের পর ২০১৬ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল দেশের মাটিতে।৫০ ওভারের বিশ্বকাপের জন্য মানষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন।'
এমনিতেই চোট আঘাতের কারণে ভারতের বহু তারকা মাঠের বাইরে রয়েছেন। এখন দলে যারা রয়েছেন তাদেরও এমন অফ ফর্ম বিশ্বকাপের আগে অত্যন্ত চিন্তার বিষয়।












Click it and Unblock the Notifications