আইসিসি বিশ্বকাপ কবে থেকে শুরু? ফাইনালই বা কোথায়? পাকিস্তানের চিন্তা দূর করল বিসিসিআই
অক্টোবরের প্রথম সপ্তাহেই শুরু হতে পারে আইসিসি বিশ্বকাপ। ৫০ ওভারের বিশ্বসেরা বেছে নেওয়ার এই আইসিসি ইভেন্ট অক্টোবর-নভেম্বরে হবে ভারতে। ক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৫ অক্টোবর শুরু হয়ে বিশ্বকাপ চলবে নভেম্বরের ১৯ তারিখ পর্যন্ত। ফাইনাল হবে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম- আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

জানা যাচ্ছে, ৪৬ দিনে বিশ্বকাপের ৪৮টি ম্যাচ আয়োজন করা হবে। বিশ্বকাপের ম্য়াচগুলি আয়োজনের জন্য আমেদাবাদের পাশাপাশি প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধরমশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনউ, ইন্দোর, রাজকোট ও মুম্বইকে। যদিও কোথায় কোন ম্যাচ হবে সে সব এখনও চূড়ান্ত হয়নি। প্রস্তুতি ম্যাচের বন্দোবস্ত করা হতে পারে ২ থেকে তিনটি শহরে। বর্ষাকালে প্রস্তুতি কতটা সম্ভব সে সব পর্যালোচনা করেই স্টেডিয়ামগুলি চূড়ান্ত করা হবে।
সাধারণভাবে বিশ্বকাপের মতো ইভেন্টগুলির ক্ষেত্রে আইসিসি বছরখানেক আগেই ক্রীড়াসূচি ঘোষণা করে দেয়। কিন্তু এ ক্ষেত্রে ভারত সরকারের তরফে কিছু সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হচ্ছে। টুর্নামেন্টের কর ছাড়ের বিষয়টির পাশাপাশি পাকিস্তান দলের ভিসা অনুমোদনের বিষয়টিও নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের উপরেই। কেন না, ২০১৩ সালের পর থেকে আইসিসি ইভেন্ট ছাড়া পাক দলকে এ দেশে আসার অনুমতি দেওয়া হয়নি।
গত সপ্তাহে আইসিসির ত্রৈমাসিক বৈঠক হয়েছে দুবাইয়ে। সেখানে বিসিসিআইয়ের তরফে আইসিসিকে আশ্বাস দেওয়া হয়েছে, পাকিস্তান দলকে ভারতে আসার প্রয়োজনীয় অনুমতি বিসিসিআই দেবে। তবে কর ছাড়ের আবেদনের বিষয়ে কেন্দ্র এখনও কিছু জানায়নি। তবে মনে করা হচ্ছে এ ব্যাপারে শীঘ্রই আইসিসিকে বার্তা দিতে পারে বিসিসিআই। আইসিসি ইভেন্ট পাওয়ার ক্ষেত্রে কর ছাড়ের বিষয়ে আশ্বাস দিতে হয় সংশ্লিষ্ট দেশের বোর্ডকে।
গত বছর কেন্দ্রীয় সরকারের তরফে আইসিসিকে জানানো হয়েছে সম্প্রচার স্বত্ত্বের রাজস্বে সারচার্জ বাদে ২০ শতাংশ কর দিতে হবে। এখন আইসিসির সেন্ট্রাল রেভিনিউ পুল থেকে ওই পরিমাণ অর্থ অ্যাডজাস্ট করা হতে পারে বোর্ডসূত্রে জানা গিয়েছিল। যদিও কর ছাড়ের বিষয়টিতে কেন্দ্র কী পদক্ষেপ করে সেটা নির্ভর করছে অমিত শাহ-র পুত্র তথা বিসিসিআই সচিব জয় শাহ কেন্দ্রীয় সরকারের কর বিভাগের সঙ্গে আলোচনায় সদর্থক কিছু বের করতে পারেন কিনা তার উপরেই।












Click it and Unblock the Notifications