ICC ODI World Cup 2023: সূচি নিয়ে ফের আপত্তি হায়দরাবাদের, পাকিস্তান ম্যাচের দিন বদলের আবেদন
বিশ্বকাপের সূচি নিয়ে জটিলতা যেন কিছুতেই কাটছে না। বিশ্বকাপ শুরু হতে মাত্র কিছুদিন বাকি। এর মাঝেই ফের সূচি বদলের আর্জি জানালো হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিশ্বকাপের সূচি নিয়ে এর আগে একাধিকবার জটিলতা তৈরি হয়েছে। একাধিক রাজ্য সংস্থার আপত্তিতে বিশ্বকাপের সূচিতে বেশ কিছু রদবদলও করতে হয়েছে।
এবার প্রস্তুতি ম্যাচের সূচি পরিবর্তনের আবেদন জানাল হায়দরাবাদ ক্রিকেট সংস্থা। আগামী ২৯ সেপ্টেম্বর নিজামের শহরে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। সেই ম্যাচ নিয়ে আপত্তির কথা জানাল হায়দরাবাদ।

আগামী ২৮ সেপ্টেম্বর গণেশ নিরঞ্জন এবং নবী উৎসব রয়েছে সেই শহরে ফলে তার পরের দিনই পাকিস্তানের মতো দলের ম্যাচ আয়োজনের জন্য নিরাপত্তার সমস্যা দেখা দিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে ২৯ সেপ্টেম্বরের পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের দিন পরিবর্তনের আবেদন করেছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা। নিরাপত্তার দিকটি মাথায় রেখেই এই আবেদন করেছে নিজামের শহর।
এরআগেও সূচি পরিবর্তনের আবেদন করে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা। পরিবর্তিত সূচি অনুযায়ী ৯ এবং ১০ অক্টোবর পরপর দু'টো ম্যাচ আয়োজিত হওয়ার কথা হায়দরাবাদে। কিন্তু পর পর দুই দিন ম্যাচে নিরাপত্তার সমস্যার কথা জানিয়ে বিসিসিআইকে চিঠি দিয়েছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা।

উপলের রাজীব গান্ধি স্টেডিয়ামে প্রথম ম্যাচটি নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস। দ্বিতীয় ম্যাচটি পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে খেলা হবে। কিন্তু স্থানীয় পুলিশ হায়দরাবাদ ক্রিকেট সংস্থাকে জানিয়েছে, পরপর দুই দিন নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। পাকিস্তান ম্যাচের জন্য প্রায় ৩০০০ পুলিশ নিয়োগ করতে হবে। কিন্তু পর পর দুই দিন ম্যাচ থাকলে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় পুলিশ প্রসাশনের পক্ষে। তাও আবার পাকিস্তানের মতো দলের।
যে কোনও একটি ম্যাচের জন্য সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারবে না। নিরাপত্তার কারণ দেখিয়ে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সূচি বদলানোর অনুরোধ করা হয়েছে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করা হয়েছে আর কোনও ভাবেই সূচিতে বদল সম্ভব নয়। সেই বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে বোঝানোর চেষ্টা করছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা।

সংবাদ সংস্থা পিটিআইকে বোর্ডের এক কর্তা আগেই জানিয়েছিলেন, এশিয়া কাপ স্কোয়াড ঘোষণার পরই দিল্লিতে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার কর্তাদের সঙ্গে একটি বৈঠক হয় বোর্ড সচিব জয় শাহর। তিনি পরিষ্কার জানিয়ে দেন, ৯ অগস্ট যে সূচি প্রকাশ করা হয়েছে, এতে আর পরিবর্তন করা সম্ভব নয়।' শুধু তাই নয়, আর কোনও সংস্থার অনুরোধই রাখা যাবে না, সেটাও পরিষ্কার করে দিয়েছে বোর্ড।












Click it and Unblock the Notifications