ICC ODI World Cup 2023: বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিভ্রান্তি, বিসিসিআইয়ের পরিকল্পনা জানলে অবাক হবেন
মাঝে আর মাত্র একদিন, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আইসিসির একদিনের ক্রিকেট বিশ্বকাপ। কিন্তু মেগা টুর্নামেন্ট শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিভ্রান্তি চরমে। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৪ অক্টোবর বিশ্বকাপের জমকালো ওপেনিং সেরেমনি হওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার এই অনুষ্ঠান ঘিরেই অশনি সংকেত। একটি ক্রীড়া ওয়েবসাইটের প্রতিবেদন অনুসারে চলতি বিশ্বকাপে হবে না কোনও উদ্বোধনী অনুষ্ঠানই।
অলিম্পিক হোক বা ফুটবল বিশ্বকাপ, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তাক লাগিয়ে দিতে চান আয়োজকরা। কিন্তু এবার উল্টো পথে হাঁটতে চলেছে বিসিসিআই। সংশ্লিষ্ট ওয়েবসাইটটির প্রতিবেদন অনুসারে, এবার উদ্বোধনী অনুষ্ঠান হবে না। বদলে জমকালো সমাপ্তি অনুষ্ঠান হবে। যদিও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিসিসিআই বা আইসিসি সরকারিভাবে এই বিষয়ে কিছু জানায়নি।

শোনা যাচ্ছিল ভালো ভাবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান করার জন্য টুর্নামেন্টের শুরুর দিনের জায়গায় একদিন আগে উদ্বোধনী অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। বিভিন্ন প্রতিবেদন অনুসারে জানা গিয়েছিল আশা ভোঁসলে, শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিংয়ের মতো সংগীতশিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেবেন। গুঞ্জন ছিল সুরকার-শিল্পী শঙ্কর মহাদেবনও উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করবেন। পারফর্ম করার কথা ছিল বরুণ ধাওয়ান, রণবীর সিং ও তামান্না ভাটিয়ার মতো তারকাদের।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের একদিন আগে ক্যাপ্টেন্স মিট হওয়ার কথা। তারপরই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শুরু হত। কিন্তু এখন শোনা যাচ্ছে তা হবে না। বরং শোনা যাচ্ছে, বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান আয়োজন করা হবে। এমনকি ভারত পাকিস্তান ম্যাচের আগে একটি অনুষ্ঠান করার পরিকল্পনাও রয়েছে বোর্ড কর্তাদের।

যদিও শেষ পর্যন্ত কোনও উদ্বোধনী অনুষ্ঠান না হয়, তাহলে বিশ্বকাপের ইতিহাসে এক নজির সৃষ্টি হবে। বিশ্বকাপের আগে সব দলের অধিনায়কদের নিয়ে একটি অনুষ্ঠান করা হয়, এটাই বিশ্বকাপের প্রথা। কিন্তু চলতি বছরে সেই অনুষ্ঠান নিয়েও সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।












Click it and Unblock the Notifications