ICC ODI Rankings: ভারতের বিরুদ্ধে নামার আগে বাবরদের ধাক্কা দিল অস্ট্রেলিয়া, ক্রম তালিকায় ভারতের স্থান কত?
এশিয়া কাপে এখনও অপরাজিত পাকিস্তান। তবে ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে বড় ধাক্কা খেল বাবর আজমরা। একদিনের ক্রম তালিকায় শীর্ষস্থান হারাল পাক দল। আইসিসির এক দিনের ক্রিকেটের ক্রমতালিকায় বাবর আজ়মদের নেমে যেতে হল দ্বিতীয় স্থানে। বিশ্বকাপের আগে শীর্ষস্থান দখল করল অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের এক দিনের সিরিজ় খেলছে অস্ট্রেলিয়া। সিরিজ়ের প্রথম দু'টি ম্যাচেই জয় পেয়েছেন কামিন্সেরা। তারই ফলে আইসিসির ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন অজিরা।এই জয়ের ফলে পয়েন্ট টেবলে অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট এখন ১২১। পাকিস্তানের চেয়ে এক রেটিং পয়েন্ট এগিয়ে গিয়েছে অজিরা। ১২০ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান নেমে গিয়েছে দুইয়ে।

১১৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ভারত। টিম ইন্ডিযার অবশ্য কোনও স্থান পরিবর্তন হয়নি। যদি পয়েন্ট এবং রেটিং দেখা যায় তাহলে দেখা যাবে প্রথম দুই দলের থেকে রোহিতরা বেশ খানিকটা পিছিয়ে আছে। চার থেকে দশের মধ্যে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ।
বিশ্বকাপের আগে ছন্দে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার মাটিতে সাদা বলের ক্রিকেটে টানা পাঁচ ম্যাচ জিতল তারা। তিনটি টি-টোয়েন্টি ম্যাচের পর এ বার প্রথম দু'টি এক দিনের ম্যাচও জিতল মিচেল মার্শের নেতৃত্বাধীন দল।দ্বিতীয় এক দিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১২৩ রানে হারিয়ে আইসিসির ক্রমতালিকায় শীর্ষে উঠে এলেন প্যাট কামিন্সেরা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ ৩-০ তে জেতে অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করার পর মানসিক দিক থেকে চাঙ্গা থেকে ওডিআই সিরিজ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। প্রথম দুটি ম্যাচেও সেই ধারাই দেখা গেল।
প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে আসে ওয়ার্নারের অসাধারণ সেঞ্চুরি। এই বাঁহাতি ব্যাটসম্যানের অবিশ্বাস্য ইনিংসে ছিল ১২টি চার ও তিনটি ছক্কা।মাত্র ৮৫ বলে সেঞ্চুরির করে নতুন রেকর্ড তৈরি করলেন অজি ওপেনার।আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ৪৬তম সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। এর আগে এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকারের।

বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া, যা দুই দেশের কাছে প্রস্তুতির বড় মঞ্চ। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কিন্তু যথেষ্টই ভালো ছন্দে আছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে একাধিক ক্রিকেটার চোটের কারণে খেলতে পারছেন না অজি দলে। তাও তাদের পারফরম্যান্স কিন্তু যথেষ্টই ভালো।












Click it and Unblock the Notifications