ICC ODI Ranking: আইসিসির ক্রম তালিকাতেও বিরাট পরিবর্তন, বাবরদের জায়গা দখল করে উন্নতি টিম ইন্ডিয়ার
এশিয়া কাপ ফাইনালে নামার আগে বড় সুখবর ভারতীয় দলে। সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট জয় পেয়েছিল ভারতীয় দল। এবার আইসিসির ক্রম তালিকাতেও বাবর আজমদের পিছনে ফেলে দিল রোহিত শর্মার দল। সদ্য প্রকাশিত আইসিসির একদিনের ক্রম তালিকায় ২ নম্বরে উঠে এল টিম ইন্ডিয়া। দ্বিতীয় স্থান খুইয়ে তিনে নেমে গেল পাক দল।
আইসিসি ওয়ানডে ক্রম তালিকাতে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। তবে উল্লেখযোগ্য ভাবে পাকিস্তানকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল টিম ইন্ডিয়া। আইসিসি একদিনের ক্রম তালিকায় শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৮, এশিয়া কাপের ফাইনালে ওঠা রোহিত শর্মার দলের পয়েন্ট সেখানে ১১৬, আর তিনে থাকা বাবর আজমদের পয়েন্ট ১১৫।

রবিবার শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলে আইসিসি ক্রম তালিকায় শীর্ষস্থানে ওঠার সুযোগ থাকবে টিম ইন্ডিয়ার সামনে। টিম ইন্ডিয়া এখন টেস্টে এক নম্বর ও সীমিত ওভারে দুটি ফর্ম্যাটে দুইয়ে আছে। বিশ্বকাপের আগে একদিনের তালিকাতে শীর্ষস্থানে উঠে এলে তিন ফর্ম্যাটেই সবার উপরে থাকবে রোহিত শর্মার দল। যা বিশ্বকাপের আগে বাড়তি আত্মবিশ্বাস দেবে ভারতীয় দলকে।
এশিয়া কাপ শুরুর আগে চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। আইসিসির একদিনের ক্রম তালিকায় বিরাট পরিবর্তন হয়। ওডিআই ক্রিকেটে শীর্ষস্থান হারায় অস্ট্রেলিয়া। একদিনের ক্রিকেটে ফার্স্ট বয় হয়ে উঠে বাবর আজমরা। এশিয়া কাপ শুরুর আগে এক নম্বর জায়গা দখল করেছিল পাকিস্তান। দুই নম্বরে ছিলঅস্ট্রেলিয়া, তিন নম্বরে ভারত।

কিন্তু কয়েক সপ্তাহের ব্যবধানে এক থেকে তিনে নেমে গেল পাকিস্তান।এরআগেও চলতি বছরের মে মাসেও শীর্ষস্থানে উঠেছিল পাকিস্তান। কিন্তু, এই সিংহাসন তারা বেশিদিন ধরে রাখতে পারেনি।এবার দুই নম্বর জায়গাও হারাল পাক দল।
শুধু দলগত নয় ব্যক্তিগত তালিকাতেও চমকপ্রদ উন্নতি করেছেন ভারতীয় ক্রিকেটাররা। সদ্য আইসিসির পক্ষ থেকে যে ক্রম তালিকা প্রকাশ করা হয়েছে তাতে কেরিয়ারে সেরা জায়গায় পৌঁছে গিয়েছেন গিল। ৭৫৯ রেটিং নিয়ে ব্যাটসম্যানদের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন গিল।

শুধু তিনি একাই নন ওডিআই ব্যাটারদের তালিকায় প্রথম দশজনের মধ্যে চলে এসেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মাও। এশিয়া কাপে টানা তিন ম্যাচে অর্ধশতরান করে ব্যাটসম্যানদের তালিরকায় ৯ নম্বরে চলে এসেছেন ভারত অধিনায়ক। এক ধাপ উপরে আট নম্বরে আছেন বিরাট। এশিয়া কাপে ভালো খেলার পুরস্কার পেলেন দুই তারকাই।












Click it and Unblock the Notifications