ICC On Bangladesh: বাংলাদেশ থেকে মহিলাদের টি২০ বিশ্বকাপ সরানোর ভাবনা আইসিসি-র, সম্ভাব্য তিন বিকল্পে ভারত
ICC On Bangladesh: শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে চলে এসেছেন ভারতে। তারপরেও বাংলাদেশ পুড়ছে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের রোষে।
মাশরাফি বিন মোর্ত্তজার বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরানো হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে শাকিব আল হাসানের পার্টি অফিস।

আওয়ামি লিগের এই দুই সাংসদের বাড়ি ও পার্টি অফিস যখন জ্বলছে, তখন রেহাই পায়নি দেশের যুব ও ক্রীড়ামন্ত্রী তথা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হোসেন পাপনের বাসভবনও। সেখানেও হামলা চলেছে বলে জানা যাচ্ছে।
বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গড়ার তোড়জোড় শুরু হয়েছে। যদিও অগ্নিগর্ভ পরিস্থিতিতে আদৌ অক্টোবরে বাংলাদেশে মহিলাদের টি২০ বিশ্বকাপ আয়োজন করা যাবে কিনা সেটাই বড় প্রশ্ন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আজ উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ফলে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে ভারতের মহিলা দল পাঠানো হবে কিনা সেটাই বড় প্রশ্ন। অন্যান্য দেশও কী অবস্থান নেবে তা এখনও বলা যাচ্ছে না, বিশেষ করে সেনা (SENA) দেশগুলি। পরিস্থিতির দিকে নজর রাখছে আইসিসি।
ঢাড়া থেকে দেড়শো কিলোমিটার দূরে নড়াইলে মাশরাফির বাড়ি যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে তা বিশ্ব ক্রিকেটেও আলোড়ন তৈরি করেছে। অক্টোবরের ৩ থেকে ২০ তারিখ মহিলাদের টি২০ বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা থাকলেও তা সরিয়ে নেওয়ার সম্ভাবনাই বেশি।
বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে আইসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ রাখছে আইসিসির নিজস্ব স্বাধীন নিরাপত্তা উপদেষ্টারা। সমস্ত দলের নিরাপত্তাকে বরাবরের মতো এ ক্ষেত্রেও অগ্রাধিকার দিচ্ছে আইসিসি।
বাংলাদেশে সোমবার যা হলো তাতে ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড নাগরিকদের বাংলাদেশে যেতে বারণ করেছে। এই তিনটি দেশই টি২০ বিশ্বকাপেও খেলবে। ফলে আইসিসি ইতিমধ্যেই টুর্নামেন্ট সরাতে বিকল্প ভাবনা শুরু করে দিয়েছে।
অল্প সময়ের মধ্যে বড় মাপের টুর্নামেন্ট আয়োজনে ভারত ও শ্রীলঙ্কা সব সময় তৈরি থাকে। তবে শ্রীলঙ্কায় অক্টোবরে বৃষ্টি হয়। আবার ভারতে পাকিস্তানের দলকে আসার ভিসার অনুমোদন দেওয়া হবে কিনা সেটাও স্পষ্ট নয়। ফলে সংযুক্ত আরব আমিরশাহীতেও হতে পারে এই টুর্নামেন্ট।
পাকিস্তান সফরে বাংলাদেশ এ দলের যাওয়ার কথা ছিল মঙ্গলবার। পিসিবিকে বিসিবি জানিয়ে দিয়েছে, ইসলামাবাদে দলের যাওয়ার বিষয়টি ৪৮ ঘণ্টা পিছিয়ে দেওয়া হলো। ঢাকা বিমানবন্দর সোমবার সন্ধ্যা থেকে বন্ধ। মঙ্গলবার বিমান চলাচল স্বাভাবিক হবে কিনা তাও স্পষ্ট নয়।
১০ থেকে ২৭ অগাস্টের মধ্যে বাংলাদেশ এ দলের পাকিস্তানে গিয়ে দুটি চারদিনের ম্য়াচ ও তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলার কথা। বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে ১৭ অগাস্ট। পিসিবি ইতিমধ্যেই বিসিবিকে প্রস্তাব দিয়েছে টেস্ট সিরিজের আগে বাংলাদেশ দলকে আগেই পাকিস্তানে পাঠাতে, যাতে অনুশীলন ব্যাহত না হয়।
২১ অগাস্ট থেকে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট। তবে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ, পিসিবির সেই প্রস্তাবে এখনও সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ।












Click it and Unblock the Notifications