পাকিস্তান না উঠলে টি২০ বিশ্বকাপের ফাইনাল আমেদাবাদে, কলকাতা-সহ ভারতের আরও ৪ শহরে হবে ম্যাচ
আগামী বছর টি২০ বিশ্বকাপের ফাইনাল হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আইসিসি সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে।
এ ছাড়া ভারতের চারটি মেট্রো শহরে হবে বিশ্বকাপের ম্যাচ। শ্রীলঙ্কার ৩টি স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের ম্যাচ হবে বলে জানা গিয়েছে।

কলকাতার ইডেন গার্ডেন্সে টি২০ বিশ্বকাপের ম্যাচ হবে বলে স্বাভাবিকভাবেই সিএবিতে খুশির হাওয়া। বিশেষ করে সৌরভ গঙ্গোপাধ্যায় সভাপতি হওয়ার পর ফের টি২০ বিশ্বকাপের আসর বসছে ইডেনে। এর আগে, সৌরভ প্রথমবার সিএবি সভাপতি হওয়ার পর ২০১৬ সালের টি২০ বিশ্বকাপও হয়েছিল ইডেনে। ২০২৩ সালের বিশ্বকাপের সময় সিএবি সভাপতি ছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
মহিলাদের বিশ্বকাপের ম্যাচগুলি হয়েছিল ইন্দোর, বিশাখাপত্তনম, গুয়াহাটি ও নভি মুম্বইয়ে। পাকিস্তানের ম্যাচগুলি হয়েছে কলম্বো। মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপের ম্যাচের মতোই টি২০ বিশ্বকাপের কোনও খেলা দেওয়া হচ্ছে না বেঙ্গালুরুতে। ভারতের পাঁচটি ও শ্রীলঙ্কার ২টি স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে বলে সিএবি সূত্রে খবর।
যদি শ্রীলঙ্কা বা পাকিস্তান সেমিফাইনালে ওঠে তবেই সেটি হবে শ্রীলঙ্কার কলম্বোয়। নাহলে দুটি সেমিফাইনালই ভারতে হবে বলে খবর। পাকিস্তান যদি ফাইনালে ওঠে তাহলে নরেন্দ্র মোদী স্টেডিয়াম নয়, কলম্বোয় ফাইনাল হবে। সে কারণে আমেদাবাদকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেওয়া হলেও স্ট্যান্ডবাই হিসেবে রাখা হবে কলম্বোর স্টেডিয়ামকে।
কলকাতার পাশাপাশি মুম্বই, চেন্নাই ও দিল্লিতে টি২০ বিশ্বকাপের ম্যাচগুলি হবে। এ বিষয়ে সরকারিভাবে কিছু জানায়নি আইসিসি। কাল দুবাইয়ে আইসিসির বোর্ড মিটিংয়ে বিষয়টি চূড়ান্ত হবে। কোথায় কোন ম্যাচ হবে সেটাও শীঘ্রই জানা যাবে বলে আইসিসি সূত্রে খবর।
২০১৬ সালে ভারতের মাটিতে শেষবার টি২০ বিশ্বকাপ হয়েছিল। সেবার ইডেনে ফাইনালও হয়েছিল। দিল্লি ও মুম্বইয়ে হয়েছিল সেমিফাইনাল। এ ছাড়াও খেলা হয়েছিল নাগপুর, মোহালি, ধরমশালা ও বেঙ্গালুরুতে। এবারের টি২০ বিশ্বকাপে থাকছে ২০টি দল। ২০২৩ সালে পুরুষদের ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনাল হয়েছিল আমেদাবাদে।












Click it and Unblock the Notifications