টি ২০ বিশ্বকাপেই জোড়া ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা! কীভাবে?
এশিয়া কাপে তিনবার ভারত-পাকিস্তান দ্বৈরথ হওয়ার সম্ভাবনা ছিল। হয়নি। গ্রুপ পর্বের পাশাপাশি সুপার ফোরে বাবর আজমের দলের বিরুদ্ধে নেমেছিল রোহিত শর্মার ভারত। এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথের ফলাফল দাঁড়িয়েছিল ১-১। ভারত ফাইনালে উঠতে পারেনি। তবে চলতি টি ২০ বিশ্বকাপে দুবার ভারত-পাকিস্তান দ্বৈরথের সাক্ষী থাকতেই পারেন ক্রিকেটপ্রেমীরা।

সুপার টুয়েলভের গ্রুপবিন্যাস
টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ ২-তে রয়েছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও জিম্বাবোয়ে। গ্রুপ ১-এর দিকে তাকালে বোঝা যাবে ভারত রয়েছে তুলনামূলক সহজ গ্রুপেই। কেন না, গ্রুপ ১-এ রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও আয়ারল্যান্ড। প্রতি গ্রুপ থেকে দুটি দল পৌঁছে যাবে সেমিফাইনালে।

ভারত ফেভারিট
সুপার টুয়েলভে কাল মেলবোর্নে ভারত অভিযান শুরু করবে পাকিস্তান ম্যাচ দিয়ে। বিশ্বকাপের আসরে ভারত পাকিস্তানের কাছে পরাস্ত হয়েছে মাত্র একবারই। গত টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে। ধারেভারে ভারতীয় দল পাকিস্তানের চেয়ে এগিয়ে, দারুণ ছন্দেও রয়েছে। ফলে বৃষ্টির ব্যাঘাতের ফলে ম্যাচ ভেস্তে না গেলে কালকের ম্যাচে ফেভারিট মেন ইন ব্লু।

শেষ চারে যাওয়ার লড়াই
টি ২০ ক্রিকেটে অঘটন ঘটতেই পারে। প্রথম রাউন্ডে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল নামিবিয়া। আবার দু-বারের টি ২০ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ডের কাছে হেরে গিয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছে। তবু ভারতের গ্রুপের দিকে তাকালে দেখা যাবে, সেমিফাইনালে ওঠার দৌড়ে রয়েছে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাই। কেন না, বাংলাদেশ, জিম্বাবোয়ে ও নেদারল্যান্ডসকে অন্তত ভারত ও পাকিস্তান হারিয়ে দেবে বলেই ক্রিকেট বিশেষজ্ঞরা নিশ্চিত। ফেভারিট হিসেবে নামবে প্রোটিয়ারাও। এখন ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার পারস্পরিক ম্যাচগুলির ফলাফল নির্ধারণ করে দেবে শেষ চারে কারা যাবে।

ফাইনালে ভারত-পাক?
সাম্প্রতিক ফর্মের নিরিখে গ্রুপ ২ থেকে সেমিফাইনালে ওঠার ব্যাপারে এগিয়ে রয়েছে ভারত ও পাকিস্তান। ভারত-পাকিস্তান দ্বৈরথে কাল যারা জিতবে তাদের গ্রুপশীর্ষে থেকে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে, গ্রুপ ১ থেকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা বেশি। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাও মরিয়া লড়াই চালাবে। ফলে এই চারটি দলের মধ্যে কোনও দুটি দলই সেমিফাইনালে যেতে পারবে। সেক্ষেত্রে ভারত ও পাকিস্তান যদি সেমিফাইনালে নিজেদের ম্য়াচগুলিতে জিতে যায় তাহলেই টি ২০ বিশ্বকাপের ফাইনালেও ভারত-পাক দ্বৈরথ নিশ্চিত হয়ে যাবে।












Click it and Unblock the Notifications